logo

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তন আনছে তামিমের বিসিবি

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তন আনছে তামিমের বিসিবি

পূর্বাচলে জাতীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পে নতুন করে গতি আনতে নকশায় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন ধরে প্রকল্পটির অগ্রগতি না হওয়ায় এবার নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চায় কর্তৃপক্ষ।

শনিবার (১৮ এপ্রিল) পূর্বাচল স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরিদর্শন শেষে জানানো হয়, স্টেডিয়ামকে ঘিরে শুধু ক্রিকেট নয়, বহুমুখী ক্রীড়া সুবিধা নিয়ে একটি স্পোর্টস হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আমিনুল হক বলেন, ‘এখানে ক্রিকেট স্টেডিয়াম অবশ্যই হবে। পাশাপাশি অন্য খেলাধুলার ব্যবস্থাও রাখা হবে, যাতে পুরো জায়গাটি একটি পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে পরিণত হয়।’

তিনি আরও জানান, ভবিষ্যতের বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে।

‘২০২৭ এশিয়া কাপ ও ২০৩১ বিশ্বকাপকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। প্রথমে বিসিবি কাজ শুরু করবে, পরে সরকারও প্রয়োজনীয় সহায়তা দেবে।’

নকশা পরিবর্তন প্রসঙ্গে তামিম ইকবাল বলেন, ‘আজ আমরা মন্ত্রীকে পুরো নকশা দেখিয়েছি। কিছু জায়গায় পরিবর্তন দরকার, সেটা শুধু পরিবর্তনের জন্য নয়—প্রয়োজন অনুযায়ী।’

তিনি আরও যোগ করেন, ‘এটি বড় একটি প্রকল্প। আমরা চাই এখানে শুধু ক্রিকেট নয়, অন্যান্য খেলাধুলার ব্যবস্থাও থাকুক, যাতে সামগ্রিকভাবে দেশের ক্রীড়া অবকাঠামো উন্নত হয়।’

নকশা চূড়ান্ত করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তামিম।
 
‘যারা নকশা করেছেন তাদের সঙ্গে আবার কথা বলা হবে। প্রয়োজনে নতুন বিশেষজ্ঞও যুক্ত করা হবে। সরকারের বড় বিনিয়োগ লাগবে, তাই সবাইকে নিয়ে সমন্বয় করে দ্রুত কাজ শুরু করতে হবে।’