logo

ভারতে বিশ্বকাপে না গিয়ে বাংলাদেশ ভুল করেছে: সুরেশ রায়না

ভারতে বিশ্বকাপে না গিয়ে বাংলাদেশ ভুল করেছে: সুরেশ রায়না

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে এবার প্রকাশ্যে বাংলাদেশের সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। তার মতে, নিরাপত্তার কারণে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশ ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং এর ফলে দলটি বড় সুযোগ হারাচ্ছে।

এর আগে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেয়। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাধিকবার আইসিসির কাছে চিঠি দেয় এবং দুই দফা বৈঠকও করে। তবে আইসিসি বাংলাদেশের অনুরোধ গ্রহণ না করে তাদের অবস্থান পুনর্বিবেচনার পরামর্শ দেয়।

পরবর্তীতে বোর্ড সভার মাধ্যমে বিষয়টি ভোটে তোলা হলে কেবল পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দেয়। অন্য সদস্য দেশগুলো বিসিবির দাবির সঙ্গে একমত না হওয়ায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি।

এই সিদ্ধান্তের পর ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল ও আকাশ চোপড়া বাংলাদেশের অবস্থানের সমালোচনা করেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সুরেশ রায়নাও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে রায়না বলেন, ‘আমি মনে করি না বাংলাদেশের সঙ্গে কিছু ঘটেছে—আমরা নিরাপত্তা দিয়েছিলাম, সবকিছুই ঠিকঠাক ছিল। আমার মনে হয় এটা তাদের (বাংলাদেশ) ভুল। তারা যদি ভারতে আসতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতো। কারণ বাংলাদেশ খুবই শক্তিশালী দল। কন্ডিশন সম্পর্কে তাদের স্পিনাররা খুব ভালো জানে। আমার মনে তারা অনেক কিছু হারাবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। গুঞ্জন রয়েছে, পাকিস্তান পুরো টুর্নামেন্ট বয়কট না করলেও ভারতের বিপক্ষে ম্যাচ না খেলতে পারে। এমন সিদ্ধান্ত নিলে পাকিস্তানকে জরিমানার মুখে পড়তে হতে পারে। বাংলাদেশকে জরিমানা করা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানায়নি আইসিসি।

এই প্রসঙ্গে রায়না বলেন, ‘আইসিসির চেয়ারম্যান যেমনটা বলেছেন যারা ভারতে আসছে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেটিই পাকিস্তানকে বাধ্য করবে বিশ্বকাপ খেলতে’।