logo
Advertisement

দ্রুততম হাজার রান থেকে সর্বোচ্চ বাউন্ডারি, সবখানেই বৈভব

দ্রুততম হাজার রান থেকে সর্বোচ্চ বাউন্ডারি, সবখানেই বৈভব
বৈভব সূর্যবংশী। ছবি: সংগৃহীত

আইপিএল ২০২৬ যেন বৈভব সূর্যবংশীর রেকর্ড ভাঙার ব্যক্তিগত মঞ্চে পরিণত হয়েছে। রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী এই ব্যাটার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে এবার একই সঙ্গে একাধিক কীর্তিতে আইপিএলের রেকর্ড বই নতুন করে লিখলেন।

চলতি আসরে বলের হিসাবে আইপিএলে দ্রুততম ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বৈভব। মাত্র ৪৪০ বলে হাজার রান পূর্ণ করেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল আন্দ্রে রাসেলের দখলে। সাবেক কলকাতা নাইট রাইডার্স অলরাউন্ডার ১ হাজার আইপিএল রান করতে খেলেছিলেন ৫৪৫ বল। রাসেলের সেই রেকর্ড বড় ব্যবধানে পেছনে ফেললেন রাজস্থানের তরুণ ওপেনার।

শুধু দ্রুততম হাজার রানেই থামেননি বৈভব। আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি বাউন্ডারির রেকর্ডও এখন তার। চলতি মৌসুমে চার ও ছক্কা মিলিয়ে ১৩৩টি বাউন্ডারি মেরেছেন তিনি। আগের রেকর্ডটি ছিল জস বাটলারের, ২০২২ আইপিএলে গুজরাট টাইটান্সের এই তারকা করেছিলেন ১২৮টি বাউন্ডারি।

এর সঙ্গে যোগ হয়েছে আরও বড় এক কীর্তি। টি-টোয়েন্টি ইতিহাসে এক আসরে পাওয়ারপ্লেতে ৫০০ রান করা প্রথম ব্যাটার হয়েছেন বৈভব। গুজরাট টাইটান্সের বিপক্ষে কোয়ালিফায়ার টু ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। চলতি আইপিএলে প্রথম ৬ ওভারে তার রান ৫২১, স্ট্রাইক রেট ২৩৩.৬৩।

এক আইপিএল আসরে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি রানের তালিকায় বৈভবের পর আছেন ডেভিড ওয়ার্নার। ২০১৬ আইপিএলে পাওয়ারপ্লেতে ৪৬৭ রান করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার। এরপর আছেন ট্রাভিস হেড ও সাই সুদর্শন, দুজনেরই সংগ্রহ ৪০২ রান। ২০০৯ সালে অ্যাডাম গিলক্রিস্ট করেছিলেন ৩৮২ রান।

গুজরাটের বিপক্ষে নকআউট ম্যাচে রাজস্থানের শুরুটা ছিল ধাক্কায় ভরা। অধিনায়ক রিয়ান পরাগ টস জিতে ব্যাটিং নেওয়ার পর প্রথম ওভারেই ১ রানে ফেরেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ওভারে ধ্রুব জুরেলও আউট হলে চাপ বাড়ে রাজস্থানের ওপর। মোহাম্মদ সিরাজ ও কাগিসো রাবাদার শুরুর আঘাতে বিপাকে পড়ে দলটি।

তবে চলতি মৌসুমে এমন চাপের মুহূর্তেও রাজস্থানের ভরসার নাম হয়ে উঠেছেন বৈভব। পাওয়ারপ্লে থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হওয়ার যে সাহস তিনি দেখিয়েছেন, সেটিই তাকে আলাদা করে তুলেছে। দীর্ঘ ইনিংস গড়ে রান বাড়ানোর চেয়ে শুরু থেকেই আক্রমণে গিয়ে ম্যাচের গতি বদলে দেওয়াই তার ব্যাটিংয়ের বড় বৈশিষ্ট্য।

আগের ম্যাচেই ২৯ বলে ৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন বৈভব। অল্পের জন্য আইপিএল ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি মিস করলেও সেই ইনিংসে প্লে-অফের ইতিহাসে আলোড়ন তোলেন তিনি। একই পথে এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডেও ক্রিস গেইলকে ছাড়িয়ে যান রাজস্থানের এই তরুণ।

দ্রুততম ১ হাজার রান, এক আসরে সর্বোচ্চ বাউন্ডারি, পাওয়ারপ্লেতে ৫০০ ছাড়ানো প্রথম ব্যাটার, সব মিলিয়ে বৈভব সূর্যবংশীর আইপিএল ২০২৬ এখনই টুর্নামেন্ট ইতিহাসের অন্যতম বিস্ফোরক ব্যক্তিগত মৌসুম হয়ে উঠেছে।