logo

১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ, সামনে খর্বশক্তির নিউজিল্যান্ড

১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ, সামনে খর্বশক্তির নিউজিল্যান্ড

১৪৬ দিনের বিরতির পর আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে লিটন দাসের দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় দীর্ঘ সময় এই সংস্করণের বাইরে ছিল বাংলাদেশ। গত বছর মে থেকে ডিসেম্বর পর্যন্ত বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে ৩০টি টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। সেই সময়ে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ জিতেছিল বাংলাদেশ। ব্যাটিংয়ে ছক্কা মারার প্রবণতা বাড়ার পাশাপাশি পেস আক্রমণও ছিল ছন্দে। তবে সেই ধারাবাহিকতা এবার নতুন করে শুরু করতে হবে লিটনদের।

 

সাম্প্রতিক ওয়ানডে সিরিজে ফিফটি পাওয়া লিটন দাস টি-টোয়েন্টি সিরিজে আত্মবিশ্বাস নিয়েই নামবেন। তানজিদ হাসানও আছেন ভালো ছন্দে। ওয়ানডে সিরিজে ফিফটি পাওয়া সাইফ হাসানকে দেখা যেতে পারে টপ অর্ডারে। তবে পারভেজ হোসেন ইনজুরি কাটিয়ে ফিরছেন, তাওহীদ হৃদয়ের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন আছে, আর শামীম হোসেনও দুই মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন।

 

বাংলাদেশের পেস আক্রমণেও আছে নতুনত্ব। শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিবের ওপরই প্রথম ম্যাচে ভরসা করতে পারে টিম ম্যানেজমেন্ট। স্কোয়াডে থাকা নতুন মুখ রিপন মন্ডল ও আবদুল গাফফার সাকলাইনকে হয়তো অপেক্ষায় থাকতে হতে পারে। স্পিন বিভাগে দায়িত্ব থাকবে মেহেদী হাসান ও রিশাদ হোসেনের ওপর।

 

অন্যদিকে নিউজিল্যান্ড এসেছে অনেকটাই খর্বশক্তির দল নিয়ে। নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ প্রথম সারির বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএল ও পিএসএলে ব্যস্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে এই সফরের দলে আছেন শুধু ইশ সোধি। ব্যাটিংয়ে সবচেয়ে অভিজ্ঞ মুখ অধিনায়ক টম ল্যাথাম।

 

তবে নিউজিল্যান্ডকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ওয়ানডে সিরিজে ডিন ফক্সক্রফট, নিক কেলি ও নাথান স্মিথ ভালো পারফর্ম করেছেন। বিশেষ করে ফক্সক্রফট শেষ ওয়ানডেতে ৭ ছক্কায় ৭৫ রান করে নিজের সামর্থ্য দেখিয়েছেন। চট্টগ্রামের কন্ডিশনের সঙ্গে তার পরিচিতি টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের জন্য বড় সুবিধা হতে পারে।

 

চট্টগ্রামের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক। দিনের টি-টোয়েন্টিতে এখানে প্রথম ইনিংসের গড় রান ১৬৩। ২০২৫ সালের শুরু থেকে এই ভেন্যুতে আগে ব্যাট করা ও পরে ব্যাট করা দল সমান তিনটি করে ম্যাচ জিতেছে। আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই।

 

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, শরিফুল ইসলাম।

 

সম্ভাব্য নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম, কাটেনে ক্লার্ক, ডেন ক্লিভার, নিক কেলি, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, ইশ সোধি, বেন লিস্টার/ম্যাট ফিশার।