আইসিসি থেকে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মাঝেই আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশের দুই ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। দ্বিতীয় ম্যাচে ঘটে যাওয়া দুই পৃথক ঘটনায় জরিমানা ও ডিমেরিট পয়েন্ট পেয়েছেন নাহিদা আক্তার ও শারমিন সুলতানা।
গত বুধবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লেভেল-১ অপরাধে তাদের প্রত্যেককে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দুজনের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট, যা গত দুই বছরে তাদের প্রথম শৃঙ্খলাভঙ্গের ঘটনা।
নাহিদা আক্তার শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর ‘সেন্ড-অফ’ দেওয়ার কারণে। আইসিসির আচরণবিধির ২.৫ ধারায় স্পষ্টভাবে বলা আছে, আউট হওয়ার পর কোনো ব্যাটারকে উসকানি দেওয়া বা বিদ্রূপ করা যাবে না।
অন্যদিকে শারমিন সুলতানার বিরুদ্ধে অভিযোগ, এলবিডব্লিউ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে ব্যাট উঁচু করে দেখানো এবং ক্রিজ ছাড়তে দেরি করায় তার বিরুদ্ধে ২.৮ ধারায় অভিযোগ আনা হয়, যা আম্পায়ারের প্রতি অসম্মানজনক আচরণের সঙ্গে সম্পর্কিত।
এই দুই ঘটনায় ম্যাচের অন-ফিল্ড আম্পায়ার, তৃতীয় ও চতুর্থ আম্পায়ার মিলেই অভিযোগ তোলেন। পরে ম্যাচ রেফারি শাস্তি নির্ধারণ করেন। দুই ক্রিকেটারই শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।