শেষ উইকেটে ভাঙল বাংলাদেশ এইচপির ফাইনালের স্বপ্ন

জয়ের জন্য ভিক্টোরিয়া একাডেমির প্রয়োজন ছিল মাত্র ১০২ রান। সেই অল্প পুঁজি নিয়েই ম্যাচটিকে শেষ ওভারে নিয়ে যান বাংলাদেশের বোলাররা। শেষ ওভারে দরকার ছিল মাত্র এক রান। প্রথম বলেই নবম উইকেট হারায় ভিক্টোরিয়া, পরের দুই বল থেকেও রান আসেনি। তবে চতুর্থ বলে লিয়াম ব্ল্যাকফোর্ডের বাউন্ডারিতে শেষ হয় রোমাঞ্চ। এক উইকেটের হারে টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ এইচপি।
রোববার ডারউইনের গার্ডেনস ওভালে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৭.১ ওভারে ১০১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১৯.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া একাডেমি।
শুরুটা অবশ্য খারাপ ছিল না বাংলাদেশের। ৪.৬ ওভারেই স্কোরবোর্ডে জমা হয় ৪৯ রান। কিন্তু এরপরই দ্রুত উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে। ৯.৪ ওভারে ৭০ রান তুলতেই সাত ব্যাটার ফিরে যান সাজঘরে।
২০ বলে ৩ চার ও এক ছক্কায় দলের সর্বোচ্চ ৩০ রান করেন জিশান আলম। আরিফুল ইসলাম ১০ বলে করেন ১৯ রান। আবু হায়দারের ব্যাট থেকে আসে ১২ এবং আবদুল গাফফার সাকলাইন করেন ১০ রান। বাকিদের কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।
ভিক্টোরিয়ার উইল সাদারল্যান্ড ২৭ রান দিয়ে নেন চার উইকেট। হ্যারি হোয়েকস্ট্রা, স্যাম এলিয়ট ও টড মার্ফি দুটি করে উইকেট নেন।
স্বল্প পুঁজি নিয়েও শুরুতেই বাংলাদেশকে লড়াইয়ে ফেরান মোহাম্মদ রুবেল। রান তাড়ার দ্বিতীয় বলেই হ্যারি ডিক্সনকে শূন্য রানে ফেরান তিনি। একপর্যায়ে ৮১ রানে ভিক্টোরিয়ার ষষ্ঠ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ।
চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট নেন রুবেল। শামীম হোসেন ১৮ রানে দুটি এবং রিপন মন্ডল দুই মেডেনসহ ১৬ রানে একটি উইকেট নেন। একটি করে উইকেট পান আবু হায়দার ও রাকিবুল হাসান।
শেষ ওভারে ভিক্টোরিয়ার প্রয়োজন ছিল এক রান। শামীমের প্রথম বলেই রানআউট হন টড মার্ফি। টানা দুটি ডট বলের পর বাংলাদেশের জয়ের আশাও জেগে ওঠে। কিন্তু চতুর্থ বলে বাউন্ডারি মেরে ভিক্টোরিয়াকে ফাইনালে তুলে দেন ২৬ বলে ১৯ রানে অপরাজিত থাকা ব্ল্যাকফোর্ড।
লিগ পর্বে এই ভিক্টোরিয়াকেই পাঁচ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ এইচপি। ছয় ম্যাচের পাঁচটিতে জয় নিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠলেও নকআউট ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় শেষ হয়ে গেল তাদের অভিযান।



