logo

ধোনির নতুন ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আকাশ চোপড়া

ধোনির নতুন ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আকাশ চোপড়া

আইপিএল ২০২৬ সামনে রেখে আবারও আলোচনায় ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ। এবার তাকে ঘিরে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তার মতে, ধোনি যদি শুধুমাত্র ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলেন, তবে সেটাই হবে অবসরের ইঙ্গিত।

জিওস্টারের এক আলোচনায় আকাশ চোপড়া বলেন, ক্রিকেটে মাঠের বাইরে থেকে দল পরিচালনা করা যায় না। ধোনির সবচেয়ে বড় শক্তি তার খেলা পড়ার ক্ষমতা, যা মাঠে উপস্থিত থাকলেই কার্যকর হয়। তাই তাকে যদি পুরো সময় মাঠে দেখা না যায়, তাহলে সেটি তার ক্যারিয়ারের শেষ পর্যায়ের বার্তা হতে পারে।

চেন্নাই সুপার কিংসের (সিএসকে) হয়ে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া ধোনির বয়স এখন ৪৪। সাম্প্রতিক বছরগুলোতে হাঁটুর সমস্যাসহ শারীরিক ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। নিজেও এক অনুষ্ঠানে স্বীকার করেছেন, তার ফিটনেস আগের মতো নেই।

এমন বাস্তবতায় তাকে ব্যাটিং অর্ডারের নিচের দিকে নামিয়ে আনা হয়েছে, যেখানে তিনি শেষের দিকে নেমে দ্রুত রান তোলার ভূমিকা পালন করছেন।

আকাশ চোপড়ার মতে, সিএসকেতে এখন নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে এবং রুতুরাজ গায়কোয়াড়ের অধীনে দলটি ভবিষ্যতের দিকে এগোচ্ছে। একই সঙ্গে উইকেটকিপিং দায়িত্বে সঞ্জু স্যামসনের নামও সামনে আসছে।

তিনি বলেন, ‘যদি নতুন অধিনায়ক ঠিক করা হয়ে থাকে, তাহলে ধোনির উচিত ধীরে ধীরে পেছনে সরে আসা। সব সময় ধরে রাখলে নতুনরা শিখতে পারবে না।’

ধোনির আইপিএল ক্যারিয়ারে ২৭৮ ম্যাচে ৫,৪৩৯ রান রয়েছে, গড় ৩৮-এর বেশি এবং স্ট্রাইক রেট প্রায় ১৩৭। টুর্নামেন্টের ইতিহাসে তিনি অন্যতম সফল ব্যাটার।

বিশ্লেষকদের মতে, আইপিএল ২০২৬ ধোনির শেষ মৌসুম হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে আলোচনা-সমালোচনা দিন দিন আরও জোরালো হচ্ছে।