Advertisement

বাংলাদেশ সফরে ভারত সরকারের অনুমতি চাইবে বিসিসিআই

এশিয়া পোস্ট স্পোর্টস
বাংলাদেশ সফরে ভারত সরকারের অনুমতি চাইবে বিসিসিআই
বাংলাদেশ-ভারত ম্যাচের দৃশ্য। পুরোনো ছবি

ভারতীয় ক্রিকেট দলের প্রস্তাবিত বাংলাদেশ সফর নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশে গিয়ে সিরিজটি খেলার অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ভারত সরকারের দ্বারস্থ হবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

Advertisement

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও ক্রিকেটীয় সম্পর্কের কারণে সরকারের অনুমতি ছাড়া সফরের বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারছে না বোর্ড।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ সফরের বিষয়ে আমরা কাজ করছি। সরকারের কাছে অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হবে। এই পর্যায়ে আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এখনো সিদ্ধান্ত হয়নি, তবে শিগগিরই সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে সফরের বিষয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে। দুই বোর্ডের মধ্যে নিয়মিত যোগাযোগও চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তার আশা, শিগগিরই সফরটি নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

সিরিজটির জন্য আগামী ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় রেখেছে বিসিবি। সংশোধিত সূচি অনুযায়ী তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

ওয়ানডে ম্যাচগুলো হওয়ার কথা ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি ম্যাচের সম্ভাব্য তারিখ ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের।

তবে পুরো সফরটিই এখন ভারত সরকারের অনুমোদনের ওপর নির্ভর করছে। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের কারণেই সরকারের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছে বিসিসিআই।

গত জানুয়ারিতে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল বিসিসিআই। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনেছিল কলকাতা। সে বছরের নিলামে দল পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটারও ছিলেন তিনি।

মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নিরাপত্তাশঙ্কা ও সরকারের পরামর্শের কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। বাংলাদেশ সরকার দেশে আইপিএলের সম্প্রচার ও প্রচারণাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়।

এর আগে ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে দুই বোর্ডের আন্তর্জাতিক ব্যস্ততার কথা জানিয়ে সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে পিছিয়ে দেওয়া হয়। তবে বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত সময়েও সফরটি হবে কি না, তার চূড়ান্ত উত্তর এখন ভারত সরকারের হাতে।

বাংলাদেশ সফরে ভারত সরকারের অনুমতি চাইবে বিসিসিআই