logo

৩ হাজার ৫৬৭ দিন পর টেস্টে সেঞ্চুরি রেনশর

৩ হাজার ৫৬৭ দিন পর টেস্টে সেঞ্চুরি রেনশর
ম্যাট রেনশ। ছবি: গেটি ইমেজ

২০১৭ সালের ৩ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে সিডনিতে প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছিলেন অজি অলরাউন্ডার ম্যাট রেনশ। পরদিন আউট হন ১৮৪ রান করে। তখন বয়স মাত্র ২০ বছর। মনে হচ্ছিল, অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন রাজত্ব করবেন তিনি। কিন্তু এরপরই ছন্দপতন। দল থেকে বাদ পড়েছেন, ফিরেছেন, আবার জায়গা হারিয়েছেন। সেই রেনশই অবশেষে টেস্টে আরেকটি সেঞ্চুরির দেখা পেলেন। অপেক্ষা করতে হলো ৯ বছর ২৮০ দিন, অর্থাৎ ৩ হাজার ৫৬৭ দিন!

শনিবার (১০ অক্টোবর) ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ২০৪ বলে শতক পূর্ণ করেন রেনশ। অ্যানরিখ নরকিয়ার বলে চার মেরে তিন অঙ্কে পৌঁছান বাঁহাতি এই ব্যাটার। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, দেশের বাইরে প্রথম।

টেস্ট ক্রিকেটে দুই সেঞ্চুরির মধ্যে এত দীর্ঘ বিরতির ঘটনা বিরল। অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্ডসলিকে দুটি শতকের জন্য অপেক্ষা করতে হয়েছিল ১৩ বছর ৩৪৬ দিন। রেনশর অপেক্ষাও কম দীর্ঘ ছিল না। ২০১৭ সালে প্রথম সেঞ্চুরির পর দ্বিতীয়টির জন্য তাকে অপেক্ষা করতে হলো ৩ হাজার ৫৬৭ দিন।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর জন্য অবশ্য কঠিন এক পরিস্থিতিই বেছে নিয়েছেন ৩০ বছর বয়সী রেনশ। ডারবান টেস্টের প্রথম দিনে মাত্র ১২৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে প্রতিরোধ গড়েন তিনি। প্রথম দিন ৪৬ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় দিনের সকালে পূর্ণ করেন অর্ধশতক।

কামিন্সের সঙ্গে সপ্তম উইকেটে ৮৬ রানের জুটি গড়েন রেনশ। কামিন্স ৪৩ রানে ফেরার পর মিচেল স্টার্কও আউট হন ৬ রানে। তবে নাথান লায়নকে সঙ্গে নিয়ে ঠিকই অজিদের ম্যাচে রেখেছেন রেনশ ।

দ্বিতীয় দিনের মধ্যাহ্নবিরতিতে ৮ উইকেটে ২৭৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। ২১৮ বলে ১০২ রানে অপরাজিত রেনশ। তাঁ-র সঙ্গে ৭ রানে অপরাজিত লায়ন। নবম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি ৪৭ রানের।