logo

৮ ব্যাটার খেলানোয় ভারতের বিপদ দেখছেন গাভাস্কার

৮ ব্যাটার খেলানোয় ভারতের বিপদ দেখছেন গাভাস্কার
সুনীল গাভাস্কার। ছবি: পিটিআই

ব্যাটিং শক্তি বাড়াতে গিয়ে বোলিং আক্রমণই দুর্বল করে ফেলছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় বোলারদের নাজেহাল অবস্থা দেখে এমনটাই মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। তার মতে, আট নম্বর পর্যন্ত ব্যাটার রাখার কৌশল থেকে সরে এসে একাদশে অন্তত চারজন বিশেষজ্ঞ বোলার খেলানো উচিত ভারতের।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। শনিবার (১৭ অক্টোবর) বেঙ্গালুরুতে পঞ্চম ও শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে নয় ওভার করা হলেও ভারত ৭.৪ ওভারে ৫ উইকেটে ১১৮ রান তোলার পর আর খেলা হয়নি।

সিরিজে ভারতের বড় দুশ্চিন্তা ছিল বোলিং। চার ম্যাচে ব্যাটিং করে তিনবারই দুই শতাধিক রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে দুবার ক্যারিবীয়দের সংগ্রহ ছাড়িয়েছে ২৪০ রান। এমন পারফরম্যান্সের পর ভারতের একাদশ সাজানোর কৌশল নিয়েই প্রশ্ন তুলেছেন গাভাস্কার।

রোববার (১৮ অক্টোবর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের একাদশে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক। তার মতে, চারজন বিশেষজ্ঞ বোলারের পাশাপাশি আরও দুজন বোলিং অলরাউন্ডার রাখা উচিত। এতে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং আক্রমণেও ভারসাম্য থাকবে।

সম্প্রচারকালে গাভাস্কার বলেন, ‘ভারতের অন্তত চারজন নিয়মিত বোলার খেলানো উচিত। তাদের সঙ্গে পঞ্চম ও ষষ্ঠ বোলিং বিকল্প হিসেবে এমন দুজন অলরাউন্ডার রাখতে হবে, যারা ব্যাটিংও করতে পারেন। অক্ষর প্যাটেল ও নামান ধীর সেই দায়িত্ব পালন করতে পারে।’

সিরিজের বেশির ভাগ ম্যাচেই মাত্র তিনজন বিশেষজ্ঞ বোলার নিয়ে মাঠে নেমেছিল ভারত। চতুর্থ টি-টোয়েন্টিতে মায়াঙ্ক যাদব, আর্শদীপ সিং ও প্রিন্স যাদব ছিলেন মূল বোলার। তাদের সঙ্গে বোলিংয়ের দায়িত্ব সামলেছেন নীতীশ রেড্ডি, অক্ষর প্যাটেল ও নামান ধীর। কিন্তু এই সমন্বয়েও ক্যারিবীয় ব্যাটারদের আটকানো যায়নি। ওই ম্যাচে ৩ উইকেটে ২৪৭ রান তুলে ভারতকে ২৪ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ।

গাভাস্কারের মতে, হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডারের বিকল্প খুঁজতে গিয়েও সমস্যায় পড়ছে ভারত। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা অনেক সময় হার্দিক পান্ডিয়ার বিকল্প খুঁজতে গিয়ে বেশি দূর এগিয়ে যাই। হার্দিকের বিকল্প পাওয়া সম্ভব নয়। তার মানের কাউকে না পেলে ভিন্ন দায়িত্ব পালন করতে পারে, এমন কাউকে নিতে হবে। নামান ধীর সেই কাজটাই করছে।’

ভারতের ব্যাটিং গভীরতা বাড়ানোর কৌশলেরও সমালোচনা করেছেন সাবেক এই অধিনায়ক। তার ভাষায়, ‘অক্ষর প্যাটেল তোমার পঞ্চম নিয়মিত বোলার। আট নম্বর পর্যন্ত ব্যাটিং রাখতে গেলে বোলিং দুর্বল হয়ে পড়ে। আর সেখানেই তোমরা মার খাচ্ছ।’

তবে ভারতের বর্তমান কৌশলের পক্ষে যুক্তিও রয়েছে। আট নম্বর পর্যন্ত ব্যাটিংয়ের সুবিধা নিয়েই চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় সংগ্রহ গড়েছিল দলটি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২৫৩ রান করার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে তুলেছিল ২৫৫ রান। দুই ম্যাচেই জয় পেয়েছিল ভারত।

কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেই কৌশলের দুর্বল দিকটিও সামনে এসেছে। বিশেষজ্ঞ বোলারের সংখ্যা কমিয়ে একাদশ সাজানোয় বোলিং আক্রমণের ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে। অধিনায়ক শ্রেয়াস আইয়ারও স্বীকার করেছেন, দ্বিতীয় ও চতুর্থ ম্যাচে ভালো বোলিং করতে পারলে সিরিজের ফল ভিন্ন হতে পারত।

এমন পরিস্থিতিতে ব্যাটিংয়ের গভীরতা ধরে রাখবে, নাকি বোলিং শক্তিশালী করতে একাদশে পরিবর্তন আনবে ভারত, সেটিই এখন বড় প্রশ্ন।