logo

অভিষেকের ব্যাটিং স্টাইল নিয়ে আমিরের কটাক্ষ

অভিষেকের ব্যাটিং স্টাইল নিয়ে আমিরের কটাক্ষ

ভারত-পাকিস্তান মহারণের বাকি আর মাত্র ১ দিন। তবে এর আগেই কথার লড়াইও জমে উঠেছে। পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ‘শুধুই স্লগার’ আখ্যা দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। আসন্ন আইসিস টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের আগে এক টিভি আলোচনায় অভিষেকের ব্যাটিং কৌশল নিয়ে কঠোর সমালোচনা করেন তিনি।

একটি বিশেষ অনুষ্ঠানে আমির বলেন, অভিষেকের খেলায় ঝুঁকি বেশি এবং ধারাবাহিকতার ঘাটতি স্পষ্ট। তার ভাষায়, ‘সে প্রায় প্রতিটি বলই মারতে চায়—লাগলে লাগে, না লাগলে আউট। টেকনিকের চেয়ে ঝোঁকের ওপরই বেশি নির্ভর করে।’ 

আমিরের মতে, ভালো স্লোয়ার বলের বিপক্ষেও অভিষেককে সমস্যায় পড়তে দেখা যায় এবং সামান্য সুইং সামলাতে পারলেই তাকে ‘পরিপূর্ণ ব্যাটার’ বলা যাবে।

এ বিতর্কে যোগ দেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার রশিদ লতিফও। তিনি বলেন, অভিষেক টি-টোয়েন্টিতে সফল হলেও তার আপার বডি খুব একটা সামনে আসে না, ফলে ডিফেন্সিফ শটে দুর্বলতা ধরা পড়ে। লতিফের মতে, এই আগ্রাসী ভঙ্গিই তাকে অনেক সময় ‘স্লগার’ হিসেবে তুলে ধরে।

তবে পরিসংখ্যান ভিন্ন গল্পও বলছে। সংক্ষিপ্ত সংস্করণে অভিষেক শর্মার স্ট্রাইক রেট ১৯০-এর কাছাকাছি; ৩৯ ম্যাচে করেছেন প্রায় ১,৩০০ রান, রয়েছে একাধিক অর্ধশতক ও দুটি শতক। পাকিস্তানের বিপক্ষেও তিন ম্যাচে তার সংগ্রহ শতাধিক রান, স্ট্রাইক রেটও উচ্চ। অর্থাৎ ঝুঁকিপূর্ণ স্টাইল হলেও কার্যকারিতা পুরোপুরি অস্বীকার করা যাচ্ছে না।

চলমান বিশ্বকাপে অবশ্য অভিষেকের প্রভাব এখনো সীমিত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম বলেই আউট হন, নামিবিয়ার ম্যাচে অসুস্থতার কারণে খেলেননি। পাকিস্তানের বিপক্ষে তার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবু ভারত-পাক ম্যাচের উত্তাপ বাড়াতে আমিরের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে—ব্যাট বনাম বলের লড়াইয়ের আগেই শুরু হয়ে গেছে কথার দ্বৈরথ।