দ্বিতীয় সেশনেও বাংলাদেশের দাপট

ডারউইন টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর আরও চার উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চা-বিরতিতে ৪৮ ওভারে ৮ উইকেটে ১৮৩ রানে নামিয়েছে সফরকারীরা। এক প্রান্ত আগলে ৬৭ রানে অপরাজিত স্টিভ স্মিথ। নাথান লায়ন এখনও রানের খাতা খোলেননি।
৪ উইকেটে ৭৪ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করেছিল অস্ট্রেলিয়া। স্মিথ ও অ্যালেক্স ক্যারির ৫৬ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে ওঠার চেষ্টা করে স্বাগতিকরা। বিরতির পর প্রথম বলেই সেই প্রতিরোধ ভাঙেন এবাদত হোসেন। ৪৩ বলে ১৯ রান করা ক্যারি বল টেনে স্টাম্পে লাগান।
দ্রুত রান তোলার চেষ্টা করা বো ওয়েবস্টারকে বেশিক্ষণ টিকতে দেননি তাসকিন আহমেদ। ১০ বলে ১২ রান করা ওয়েবস্টারের অফ স্টাম্প উপড়ে দেন বাংলাদেশের এই পেসার।
এর মধ্যেই ৭৬ বলে ক্যারিয়ারের ৪৫তম টেস্ট ফিফটি পূর্ণ করেন স্মিথ। তবে অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়তে থাকে। দ্বিতীয় স্পেলে ফিরে অধিনায়ক প্যাট কামিন্সকে ৯ এবং মিচেল স্টার্ককে ১ রানে ফেরান হাসান মাহমুদ। দুজনের ক্যাচই নেন উইকেটকিপার লিটন দাস।
চা-বিরতি পর্যন্ত ৪৯ রানে চার উইকেট নিয়েছেন হাসান। তাসকিন ও এবাদতের শিকার দুটি করে। স্মিথের অপরাজিত ইনিংসে রয়েছে সাতটি চার ও একটি ছক্কা।
.png)


