নারী এশিয়া কাপেও ট্রফি নিয়ে নাটকের শঙ্কা
-0c8872-720x405.webp)
গত বছর ছেলেদের এশিয়া কাপ জিতেও ট্রফি ছাড়াই উদ্যাপন করেছিল ভারত। এবার মেয়েদের আসরেও ট্রফি দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ফাইনালের পুরস্কার বিতরণীতে মহসিন নাকভি থাকবেন বলে খবর দিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।
আগামী ১৩ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে নারী এশিয়া কাপের ফাইনাল। জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নাকভি। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফিও তুলে দেওয়ার কথা তার। নাকভি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানও।
ভারত এরই মধ্যে সেমিফাইনালে উঠেছে। হরমনপ্রীত কৌরের দল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হলে নাকভির হাত থেকে ট্রফি নেবে কি না, তা নিয়েই আলোচনা চলছে। তবে এ বিষয়ে বিসিসিআই এখনো নিজেদের অবস্থান জানায়নি বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
আলোচনার পেছনে রয়েছে গত বছরের ঘটনা। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর ছেলেদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারায় ভারত। কিন্তু সূর্যকুমার যাদবের দল নাকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি। এক ঘণ্টার বেশি দেরিতে শুরু হওয়া পুরস্কার বিতরণী শেষ হয় ভারতকে ট্রফি না দিয়েই।
জিও সুপার জানিয়েছে, সেই ট্রফি এখনো দুবাইয়ে এসিসির কার্যালয়ে রয়েছে। বিষয়টি মেটাতে ভারতীয় বোর্ডের একাধিক চেষ্টাতেও সমাধান আসেনি।
এবারের নারী এশিয়া কাপেও দুই দলের মধ্যে দূরত্বের ছবি দেখা গেছে। গত ৫ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচের টসে হরমনপ্রীত কৌর ও ফাতিমা সানা হাত মেলাননি। ওই ম্যাচে পাকিস্তানকে ৫৫ রানে গুটিয়ে দিয়ে সাত উইকেটে জেতে ভারত।


