ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী

শিরোপার মঞ্চে প্রথম চাল চালল চট্টগ্রাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে টস জিতে রাজশাহীর বিপক্ষে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট ফাইনালের সূচনা হয়েছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে।
চলতি আসরে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। এরমধ্যে দুটি ম্যাচ জিতে এগিয়ে রয়েছে চট্টগ্রাম, আর একটি ম্যাচে জয় পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। কোয়ালিফায়ার-১ ’এ রাজশাহীর বিপক্ষে স্বচ্ছন্দ জয় তুলে নিয়ে সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করে চট্টগ্রাম, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
পরিসংখ্যানও চট্টগ্রামের সিদ্ধান্তকে সমর্থন করছে। এই মৌসুমে দুই দলের প্রতিটি মুখোমুখিতায় লক্ষ্য তাড়া করা দলই জয় পেয়েছে। সেই ধারাবাহিকতাকে সামনে রেখেই ফাইনালেও বোলিং দিয়ে শুরু করার পথ বেছে নিয়েছে চট্টগ্রাম।
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ:
সাহিবজাদা ফারহান, তানজিদ হাসান, কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), জিমি নিসাম, এস এম মেহেরব হাসান, তানজিম হাসান সাকিব, আবদুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো, হাসান মুরাদ।
চট্টগ্রাম রয়্যালস একাদশ:
মির্জা তাহির বেগ, মোহাম্মদ নাঈম (উইকেটকিপার), মাহমুদুল হাসান জয়, হাসান নওয়াজ, আসিফ আলী, মাহেদী হাসান (অধিনায়ক), জাহিদুজ্জামান, আমির জামাল, তানভীর ইসলাম, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম।
শিরোপা নির্ধারণী এই ম্যাচে অতীতের পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম ও টসের সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। এখন দেখার বিষয়, চট্টগ্রামের বোলিং কৌশলই কি তাদের বিপিএল ট্রফির আরও এক ধাপ কাছে নিয়ে যায়, নাকি রাজশাহীর ব্যাটিংয়ে পাল্টে যাবে ম্যাচের গল্প।