logo

পাইলটের ২২ বছরের রেকর্ড ভাঙলেন লিটন, সামনে বিশ্বরেকর্ডের হাতছানি

পাইলটের ২২ বছরের রেকর্ড ভাঙলেন লিটন, সামনে বিশ্বরেকর্ডের হাতছানি
লিটন দাস। পুরোনো ছবি

ব্যাট হাতে একই টেস্টে ফিফটি ও সেঞ্চুরি। এবার উইকেটের পেছনেও নতুন ইতিহাস গড়লেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে আটটি ডিসমিসালে ভেঙে দিয়েছেন বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড। ২২ বছর ধরে রেকর্ডটি ছিল খালেদ মাসুদ পাইলটের দখলে। এবার লিটনের সামনে সুযোগ রয়েছে বিশ্বরেকর্ডে ভাগ বসানোরও।

সোমবার (১২ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে একমাত্র টেস্টের চতুর্থ দিনে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে তৃতীয় ক্যাচটি নিয়েই নতুন রেকর্ড গড়েন লিটন। ইনিংসের ৪৩তম ওভারের প্রথম বলে এবাদত হোসেনের শিকার হন রহমত শাহ। অফ স্টাম্পের বাইরের বলে রক্ষণাত্মক শট খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগান আফগান ব্যাটার। সহজেই ক্যাচটি গ্লাভসবন্দী করেন লিটন। ১২৪ বলে ৫১ রান করে ফেরেন রহমত।

এর আগে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে আবদুল মালিক ও শহিদউল্লাহ কামালকেও গ্লাভসবন্দী করেছিলেন লিটন। প্রথম ইনিংসে চারটি ক্যাচ নেওয়ার পাশাপাশি একটি স্টাম্পিংও করেছিলেন তিনি। সব মিলিয়ে সাত ক্যাচ ও এক স্টাম্পিংয়ে আট ডিসমিসালের নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের এই উইকেটরক্ষক।

এর আগে বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ সাত ডিসমিসালের রেকর্ড ছিল খালেদ মাসুদ পাইলটের। ২০০৪ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ক্যাচ ও দুটি স্টাম্পিং করেছিলেন তিনি। দীর্ঘ ২২ বছর পর সেই রেকর্ড নিজের করে নিলেন লিটন।

তবে লিটনের সামনে আরও বড় অর্জনের সুযোগ রয়েছে। টেস্ট ক্রিকেটে এক ম্যাচে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ১১ ডিসমিসালের বিশ্বরেকর্ড যৌথভাবে তিনজনের। ইংল্যান্ডের জ্যাক রাসেল, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পন্ত এই কীর্তি গড়েছেন।

১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ১১টি ক্যাচ নিয়েছিলেন রাসেল। ২০১৩ সালে একই মাঠে পাকিস্তানের বিপক্ষে সেই রেকর্ড স্পর্শ করেন ডি ভিলিয়ার্স। এরপর ২০১৮ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ ক্যাচ নিয়ে তাঁদের পাশে নাম লেখান পন্ত।

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত আটটি ডিসমিসাল করেছেন লিটন। চলতি টেস্টে আরও তিনটি ডিসমিসাল করতে পারলে বিশ্বরেকর্ডে ভাগ বসাবেন তিনি। আর চারটি ডিসমিসালে গড়বেন নতুন বিশ্বরেকর্ড। তবে শুধু ক্যাচের বিশ্বরেকর্ড স্পর্শ করতে প্রয়োজন আরও চারটি ক্যাচ।

কাজটি অবশ্য সহজ নয়। রহমত শাহের বিদায়ে আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট পড়েছে। বাকি সাত উইকেটের অন্তত তিনটিতে লিটনকে ভূমিকা রাখতে হবে বিশ্বরেকর্ড স্পর্শ করতে।

এর আগে ব্যাট হাতেও দারুণ সময় কাটিয়েছেন লিটন। প্রথম ইনিংসে ৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১১৭ বলে ১০২ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁর সেঞ্চুরির পর ৭ উইকেটে ৩৭২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান।