সিঙ্গেল লিগের ডিপিএলে থাকছে না বিদেশি ক্রিকেটার

ক্লাবগুলোর বয়কটের অনড় অবস্থানের কারণে ঠিকসময়ে মাঠে গড়ায়নি ঢাকা প্রিমিয়ার লিগ। তবে বিসিবির সভাপতির চেয়ার বদলাতেই পাল্টে গেল দৃশ্যপট।
তামিম ইকবাল দায়িত্ব নিতেই ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করল লিগের আয়োজক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রাপলিস। মিটিং শেষে জানা যায় মে মাসের প্রথম সপ্তাহেই শুরু হবে খেলা।
৬ ভেন্যুতে লিগ আয়োজনের প্রস্তাব করা হয়েছে। বিসিবি থেকে ক্লাবগুলোর অনুদান ১৫ থেকে ২৫ লাখ টাকা করা হয়েছে। বৃষ্টির মৌসুমে লিগ গড়ানোয় সিঙ্গেল লিগেই শেষ করা হবে এবারের আসর। থাকছে না সেরা ৬ দলের সুপার লিগ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তা করে বেশি স্থানীয় খেলোয়াড়দের সুযোগ দিতে থাকছে না বিদেশি ক্রিকেটারের অংশগ্রহণ।
বৃহস্পতিবার সভা শেষে ক্লাব প্রতিনিধিরা ব্রিফিং করে এসব তথ্য জানান। ১২টির মধ্যে ১০টি ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন সভায়।