‘বাপের দোয়া’ থেকে ক্রিকেটের দোয়া করতে চান তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর আলোচিত ‘বাবার দোয়া’ তকমা নিয়েও কথা বললেন তামিম ইকবাল। বিসিবির অ্যাডহক কমিটি গঠনের পর থেকেই কমিটির কয়েকজন সদস্যের রাজনৈতিক পরিচয় ও পারিবারিক সম্পর্ক নিয়ে সমালোচনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিসিবিকে ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ড বলেও কটাক্ষ করেছিলেন।
আজ বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন শেষে সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম। নির্বাচনে জয় এবং সভাপতি হওয়ার পর সংবাদ সম্মেলনে তাঁকে এই সমালোচনা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তামিম জানান, কে কী তকমা দিচ্ছেন, সেটি তাঁদের ব্যক্তিগত মত।
তামিম বলেন, অনেকে নানা ধরনের ট্যাগ দিচ্ছেন, সেটি তাঁদের ব্যক্তিগত অভিমত। এরপর হাস্যরসের সঙ্গেই তিনি যোগ করেন, দেখা যাক ‘বাপের দোয়া’ থেকে ক্রিকেটের দোয়া করা যায় কি না।
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর তামিমকে সভাপতি করে বিসিবিতে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির কয়েকজন সদস্য ক্ষমতাসীন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সন্তান বা আত্মীয় হওয়ায় শুরু থেকেই সমালোচনা ছিল।
নির্বাচনের পর নতুন পর্ষদেও সেই আলোচনার রেশ আছে।
তবে তামিম জানিয়েছেন, সমালোচনার চেয়ে কাজ দিয়েই নিজেদের প্রমাণ করতে চান তাঁরা। তাঁর ভাষায়, তিনি বা বোর্ডের অন্য সদস্যরা এমন কোনো কাজ করতে চান না, যাতে বিসিবি বিতর্কিত হয়। সততা নিয়ে কাজ করার চেষ্টা থাকবে বলেও জানান নতুন সভাপতি।
একই সঙ্গে ভুল হওয়ার সম্ভাবনাও স্বীকার করেছেন তামিম। তিনি বলেন, মানুষ হিসেবে ভুল হবেই। তবে সেই ভুল কত দ্রুত সংশোধন করা যায়, সেটিই গুরুত্বপূর্ণ।
আজকের নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম। পরে পরিচালনা পর্ষদের সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হন তিনি। সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে দীর্ঘদিন মাঠের ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন তামিম। এবার ক্রিকেট প্রশাসনের শীর্ষ পদে বসে তাঁর সামনে ভিন্ন চ্যালেঞ্জ। নতুন বোর্ড ঘিরে যে সমালোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে, সেটির জবাব তাঁকে দিতে হবে মাঠের বাইরের কাজ দিয়েই।
