বাংলাদেশের বিপক্ষে ম্যাচ বাতিলে হতাশ মালয়েশিয়ান তারকা

বাংলাদেশের বিপক্ষে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল খেলতে মুখিয়ে ছিলেন মালয়েশিয়ার ক্রিকেটার বিরানদীপ সিং। কিন্তু বৃষ্টিতে ম্যাচটি এক বলও মাঠে না গড়িয়ে পরিত্যক্ত হওয়ায় হতাশা লুকাতে পারেননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আক্ষেপের কথাও জানিয়েছেন মালয়েশিয়ার এই অলরাউন্ডার।
ম্যাচের দিন মাঠে যাওয়ার প্রস্তুতিই নিচ্ছিলেন বিরানদীপ। কিন্তু তার আগেই আসে ম্যাচ বাতিলের খবর। মজার ছলে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের কোয়ার্টার ফাইনাল বাতিল হওয়ার খবর যখন পেলাম, তখন আমি তোয়ালে পরেই ছিলাম। দুঃখজনক যে আমরা মাঠেই যেতে পারলাম না।’
তবে তার হতাশার বড় কারণ অন্য জায়গায়। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে খেলার সুযোগের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছিলেন তিনি।
বিরানদীপ লিখেছেন, ‘একটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে আবার খেলার সুযোগের জন্য তিন বছর অপেক্ষা করেছি। কিন্তু বোধ হয় এবারও হলো না। সহযোগী দেশের ক্রিকেট কঠিন, হা হা।’
জাপানের কোরোগি স্পোর্টস পার্কে বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনালটি বৃষ্টির কারণে টস ছাড়াই পরিত্যক্ত হয়। পরে উচ্চতর আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সুবাদে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
অন্যদিকে গ্রুপ পর্ব পেরিয়ে শেষ আটে ওঠা মালয়েশিয়ার অভিযান সেখানেই শেষ হয়ে যায়। আর বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে নিজেদের যাচাই করার বহুল প্রতীক্ষিত সুযোগও হারান বিরানদীপরা।
