নির্বাচন করে আবার বিসিবিতে আসতে চান পদত্যাগ করা পরিচালক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সরে গেলেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তিনি বিসিবির লজিস্টিক ও প্রটোকল বিভাগের চেয়ারম্যান ছিলেন। এশিয়া পোস্টকে তিনি জানিয়েছেন, নির্বাচনে লড়ে আবার বিসিবিতে আসার আগ্রহের কথা।
বিসিবির সর্বশেষ নির্বাচনে গঠনতন্ত্র অনুযায়ী এনএসসি কোটায় পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয় ইয়াসিরকে। অল্পদিন দায়িত্ব পালন করেই কেন সরে দাঁড়ানোর সিদ্ধান্ত, এ প্রশ্নে এশিয়া পোস্টকে তিনি বলেন, ‘ব্যক্তিগত কারণ। কিছু ব্যস্ততা আছে। বোর্ডে না থাকলেও ক্রিকেটে আমার জায়গা থেকে শতভাগ অবদান রাখব।’
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে থাকা বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে আবারও নির্বাচনের গুঞ্জন রয়েছে। নির্বাচন হলে সেখানে অংশ নেওয়ার আগ্রহের কথা জানান সদ্য পদত্যাগ করা এই পরিচালক, ‘নির্বাচন হলে আমি চেষ্টা করব অংশ নেওয়ার।’
ইয়াসিরের পদত্যাগের মধ্য দিয়ে বর্তমান পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানো পরিচালকের সংখ্যা এখন তিন। এর আগে মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে অপসারণের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিচালকের পদ ছাড়েন আমজাদ হোসেন। তারও আগে গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যানের দায়িত্বে থাকা ইশতিয়াক সাদেক ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করেন।