logo

আবারও বিগ ব্যাশে রিশাদ, এবার জুটি বাঁধবেন জ্যাম্পার সঙ্গে

আবারও বিগ ব্যাশে রিশাদ, এবার জুটি বাঁধবেন জ্যাম্পার সঙ্গে
রিশাদ হোসেন। ছবি: বিগ ব্যাশ

বিগ ব্যাশে অভিষেক মৌসুমেই হোবার্ট হারিকেন্সের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন রিশাদ হোসেন। জিতেছিলেন দলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও। সেই পারফরম্যান্সের সুবাদে আরও এক মৌসুমের জন্য বাংলাদেশি লেগস্পিনারকে ধরে রেখেছে হোবার্ট। এবার তার সঙ্গে স্পিন আক্রমণে থাকবেন অস্ট্রেলিয়ার তারকা অ্যাডাম জ্যাম্পা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে রিশাদকে পুনরায় দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হোবার্ট হারিকেন্স। বিগ ব্যাশের আসন্ন ষোড়শ আসরের জন্য এক বছরের চুক্তি করেছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। তবে পুরো মৌসুম নয়, আপাতত প্রথম আট ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

গত মৌসুমে প্রথমবার বিগ ব্যাশে খেলতে নেমেই নজর কেড়েছিলেন রিশাদ। হোবার্টের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট নেন তিনি। তার বোলিং গড় ছিল ২০ দশমিক ৮৬ এবং ওভারপ্রতি রান খরচ করেছেন ৭ দশমিক ৮২। সেরা বোলিং ২৬ রানে ৩ উইকেট। দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পাশাপাশি মৌসুম শেষে হোবার্টের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও পান বাংলাদেশের এই লেগস্পিনার।

এমন পারফরম্যান্সের পর রিশাদকে আবারও দলে পেতে আগ্রহী ছিল হোবার্ট। তবে এরই মধ্যে গত সেপ্টেম্বরে মেলবোর্ন রেনেগেডস ছেড়ে দুই বছরের চুক্তিতে হোবার্টে যোগ দেন অ্যাডাম জ্যাম্পা। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই লেগস্পিনারকে দলে নেওয়ার পর তাদের পরিকল্পনায় কিছুটা পরিবর্তন এলেও রিশাদকে ছেড়ে দিতে চায়নি ফ্র্যাঞ্চাইজিটি। শেষ পর্যন্ত দুজনকেই রেখে স্পিন আক্রমণ শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে হোবার্ট।

হোবার্টের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক স্যালিয়ান বিমস জানিয়েছেন, রিশাদের ফিরে আসার আগ্রহ নতুন চুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ‘রিশাদ আমাদের স্পষ্ট জানিয়েছিল, গত মৌসুমে হোবার্টে সময়টা সে দারুণ উপভোগ করেছে এবং আবারও ফিরতে চায়। বিষয়টি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল।’

গত মৌসুমে রিশাদের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন বিমস। তার মতে, প্রথমবার বিগ ব্যাশে খেলতে নেমে হোবার্টের প্রতিটি ম্যাচে অংশ নেওয়া এবং দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া বাংলাদেশের এই স্পিনারের সামর্থ্যের প্রমাণ। অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার দক্ষতাও মুগ্ধ করেছে হোবার্ট কর্তৃপক্ষকে।

রিশাদ ও জ্যাম্পাকে একসঙ্গে পাওয়ার বিষয়েও আশাবাদী বিমস। দুই লেগস্পিনারের বোলিংয়ে ভিন্নতা থাকায় প্রতিপক্ষ ও উইকেটের ধরন অনুযায়ী পরিকল্পনা সাজানোর বাড়তি সুযোগ পাবে দল।

বিমস বলেন, ‘জ্যাম্পা দীর্ঘদিন ধরে সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা বোলার। অন্যদিকে গত মৌসুমেই আমরা দেখেছি, মাঝের ওভারগুলোতে রিশাদ কতটা বিপজ্জনক হতে পারে। দুজনকে একসঙ্গে পাওয়া আমাদের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে।’

এর আগে ২০২৪-২৫ মৌসুমের জন্যও হোবার্টের দলে সুযোগ পেয়েছিলেন রিশাদ। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ব্যস্ততায় সেবার খেলা হয়নি তার। পরের মৌসুমে অভিষেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। গত মৌসুমে সাকিব আল হাসানের পর এক দশকের বেশি সময়ের ব্যবধানে প্রথম বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলেন রিশাদ।

এবারের আসরে হোবার্টের দলে আরও রয়েছেন টিম ডেভিড, নাথান এলিস, বেন ম্যাকডারমট, মিচেল ওয়েন ও বিউ ওয়েবস্টারের মতো ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটার হিসেবে রিশাদের পাশাপাশি আছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ।

আগামী ১৭ ডিসেম্বর ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচ দিয়ে বিগ ব্যাশের নতুন মৌসুম শুরু করবে হোবার্ট হারিকেন্স।