logo

লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলবেন সাকিব

লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলবেন সাকিব
সাকিব আল হাসান। পুরোনো ছবি

লঙ্কা প্রিমিয়ার লিগে আবারও দেখা যাবে বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসানকে। সরাসরি চুক্তিতে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে নিয়েছে জাফনা কিংস। শুক্রবার (২২ মে) নিজেদের ফেসবুক পেজে সাকিবের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে এলপিএল কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সাকিবকে ‘গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো’ হিসেবে উল্লেখ করেছে এলপিএল। সেখানে জানানো হয়, ২০২৬ আসর সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তি করেছেন বাংলাদেশি অলরাউন্ডার।

সাকিবকে দলে নেওয়ার ঘোষণায় তার অলরাউন্ড সামর্থ্যের কথাও তুলে ধরেছে এলপিএল। ব্যাট হাতে প্রয়োজনের সময়ে রান, বল হাতে ব্রেকথ্রু এবং চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর ক্ষমতাকে সাকিবের বড় শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

জাফনা কিংসের স্কোয়াড এমনিতেই শক্তিশালী। সাকিবকে যোগ করায় সেই শক্তি আরও বাড়ল বলে মনে করছে এলপিএল কর্তৃপক্ষ। টি-টোয়েন্টি ক্রিকেটে অভিজ্ঞতা, ব্যাট-বল দুই বিভাগে অবদান রাখার সামর্থ্য এবং বড় ম্যাচের অভিজ্ঞতার কারণেই সাকিবকে জাফনার জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ২০২৩ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছিলেন সাকিব। সেবার গল টাইটান্সের হয়ে মাঠে নেমেছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এবার নতুন ঠিকানা জাফনা কিংস।