Advertisement

অস্ট্রেলিয়ায় হাসানের ঐতিহাসিক পাঁচ উইকেট

এশিয়া পোস্ট স্পোর্টস
অস্ট্রেলিয়ায় হাসানের ঐতিহাসিক পাঁচ উইকেট
হাসান মাহমুদ। ছবি: গেটি ইমেজ

স্টিভ স্মিথই ছিলেন অস্ট্রেলিয়ার শেষ ভরসা। সেই স্মিথকে ফিরিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে পাঁচ উইকেট নেওয়ার ইতিহাস গড়লেন হাসান মাহমুদ।

Advertisement

তৃতীয় সেশনের ৫১তম ওভারে মাইলফলকটি স্পর্শ করেন হাসান। অফ স্টাম্পের বাইরের খাটো বল এগিয়ে এসে আপার কাট করতে চেয়েছিলেন স্মিথ। বাড়তি বাউন্সে ঠিকমতো ব্যাটে লাগাতে পারেননি। উঁচু হয়ে ওঠা বল তালুবন্দী করেন লিটন দাস।

১০৯ বলে সাতটি চার ও একটি ছক্কায় ৭১ রান করে ফেরেন স্মিথ। তার বিদায়ে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের শেষ আশাটুকুও প্রায় শেষ হয়ে যায়।

পাঁচ উইকেট পূর্ণ করার সময় হাসানের বোলিং বিশ্লেষণ ছিল ১৫.৫ ওভারে দুই মেডেনে ৫৪ রান। এর আগে জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে ফিরিয়েছেন তিনি। পাঁচ শিকারের চারটির ক্যাচই নিয়েছেন লিটন। হেডকে সরাসরি বোল্ড করেন হাসান।

এটি হাসানের টেস্ট ক্যারিয়ারের তৃতীয় পাঁচ উইকেট। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ৪৩ রানে পাঁচ উইকেট নিয়ে প্রথমবার এই কীর্তি গড়েছিলেন বাংলাদেশের পেসার।

প্রথম দুই সেশনে চারটি করে উইকেট হারানো অস্ট্রেলিয়া চা-বিরতিতে তুলেছিল ৮ উইকেটে ১৮৩ রান। হাসানের পাঁচ উইকেটের পাশাপাশি তাসকিন আহমেদ ও এবাদত হোসেন নিয়েছেন দুটি করে উইকেট।

অস্ট্রেলিয়ায় হাসানের ঐতিহাসিক পাঁচ উইকেট