logo

বিসিবির লেভেল-৩ কোচিং কোর্স সম্পন্ন করলেন মুমিনুল-জাকির

বিসিবির লেভেল-৩ কোচিং কোর্স সম্পন্ন করলেন মুমিনুল-জাকির

জাতীয় দলের হয়ে এখনও নিয়মিত খেলছেন মুমিনুল হক ও জাকির হাসান। সেই ব্যস্ততার মাঝেই নিজেদের ভবিষ্যতের প্রস্তুতিও এগিয়ে রাখছেন এই দুই ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লেভেল-৩ কোচিং কোর্স সফলভাবে সম্পন্ন করে এবার সনদও পেয়েছেন তারা।

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মোট ৩০ জন কোচের হাতে এই সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবু এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

এই কোর্সটি ছিল দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রক্রিয়ার অংশ। আবাসিক প্রশিক্ষণের পর অংশগ্রহণকারীদের ৯০ দিনের মাঠপর্যায়ের কাজ করতে হয়েছে, যেখানে তারা বাস্তব কোচিং পরিবেশে কাজ করেছেন।

অস্ট্রেলিয়ার টার্নার-ক্যাম্পবেল কনসালটেন্সির তত্ত্বাবধানে পরিচালিত এই কোর্সে কোচরা তরুণ ও উন্নয়নশীল ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা তৈরি, তা বাস্তবায়ন এবং তাদের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

শেষ ধাপে নিজেদের অভিজ্ঞতা ও কাজের ফলাফল উপস্থাপন করেন অংশগ্রহণকারীরা।

তবে পুরো কোর্সে আলাদা করে নজর কেড়েছে মুমিনুল ও জাকিরের অংশগ্রহণ। সাধারণত এই ধরনের কোর্সে সাবেক ক্রিকেটারদের উপস্থিতিই বেশি দেখা যায়। সেখানে সক্রিয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তাদের অংশগ্রহণ বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।