logo
Advertisement

কাউন্টিতে খালেদের ৮ উইকেট, জয়ের পথে কেন্ট

কাউন্টিতে খালেদের ৮ উইকেট, জয়ের পথে কেন্ট
কাউন্টিতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন খালেদ। ছবি: কেন্টের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও তিনটি শিকার করেছেন তিনি। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচে তার আট উইকেটের সুবাদে জয়ের কাছাকাছি পৌঁছে গেছে কেন্ট।

ক্যান্টারবারিতে কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগের ম্যাচে প্রথম ইনিংসে ১৫.৫ ওভারে ৪২ রান দিয়ে ৫ উইকেট নেন খালেদ। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে এটিই তার প্রথম পাঁচ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য এটি তার দশম পাঁচ উইকেটের কীর্তি।

ল্যাঙ্কাশায়ারের শুরুটা ছিল বেশ ভালো। উদ্বোধনী জুটিতেই আসে ৮১ রান। সেখান থেকেই ম্যাচের গতিপথ বদলে দেন খালেদ। কিটন জেনিংসকে ৩০ রানে ফিরিয়ে ভাঙেন জুটি। এরপর অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি ফ্লিনটফকে শূন্য রানে এলবিডব্লিউ করেন।

পরে ম্যাটি হার্স্টকে ফিরিয়ে তৃতীয় উইকেট নেন খালেদ। ইনিংসের শেষ দিকে টানা দুই বলে মিচেল স্ট্যানলি ও অধিনায়ক জেমস অ্যান্ডারসনকে আউট করে পূর্ণ করেন পাঁচ উইকেট। তার বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারের প্রথম ইনিংস থামে ১৬১ রানে।

কেন্ট প্রথম ইনিংসে করে ২১৪ রান। জ্যাক ক্রলি ৮৪ রান করে দলকে এনে দেন ৫৩ রানের লিড।

দ্বিতীয় ইনিংসেও খালেদের দাপট থামেনি। এবার তিন উইকেট নেন বাংলাদেশের এই পেসার। প্রথম ওভারেই জেনিংসকে ফিরিয়ে দেন তিনি। পরে তার শিকার হন আরাভ শেট্টিও। খালেদ, ম্যাট মিলনেস ও কিথ ডাজন তিনটি করে উইকেট নেওয়ায় ল্যাঙ্কাশায়ারের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৯২ রানে।

দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নিয়ে ম্যাচে কেন্টের অন্যতম প্রধান নায়ক এখন খালেদ। জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্য পাওয়া কেন্ট দ্বিতীয় দিনের শেষে ২ উইকেটে করেছে ৮৪ রান। জিততে তাদের প্রয়োজন আর মাত্র ৫৬ রান।

জাতীয় দলের দায়িত্বে হাসান মাহমুদ দেশে ফেরার পর কেন্টের পেস আক্রমণে বড় দায়িত্ব পড়েছিল খালেদের ওপর। সেই জায়গাটাই দারুণভাবে পূরণ করছেন তিনি। হাসানের বদলি হিসেবে খালেদের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন সতীর্থ মিলনেস।