logo

আফগানিস্তানকে কত ব্যবধানে হারালে ফাইনালে উঠবে বাংলাদেশ?

আফগানিস্তানকে কত ব্যবধানে হারালে ফাইনালে উঠবে বাংলাদেশ?
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: বিসিবি

জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের হারে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের বড় পরাজয়ে এখনো ফাইনালে ওঠার সুযোগ রয়েছে টাইগারদের সামনে। যদিও শুধু আফগানিস্তানকে হারালেই হবে না, জিততে হবে নির্দিষ্ট ব্যবধানে। নেট রানরেটের জটিল সমীকরণ মেলাতে পারলেই শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিতে পারবে তাওহীদ হৃদয়ের দল।

সোমবার (১৯ অক্টোবর) আবুধাবিতে জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে ২৯৪ রান তোলার পর জিম্বাবুয়েকে ১৩৬ রানে গুটিয়ে দেয় আফগানরা। এই হারে জিম্বাবুয়ের নেট রানরেট নেমে এসেছে -০.৫৯০-এ। অন্যদিকে আফগানিস্তানের রানরেট +৩.১৬০ এবং বাংলাদেশের -১.৯৮০।

তিন দলের এই প্রতিযোগিতায় প্রত্যেকে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। জিম্বাবুয়ে ইতিমধ্যে দুই ম্যাচ খেলে একটি জিতেছে। আফগানিস্তানও প্রথম ম্যাচে জয় পেয়েছে। ফলে আগামী বুধবার বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচটি হয়ে উঠেছে ফাইনালের ভাগ্য নির্ধারণের লড়াই।

বাংলাদেশ আগে ব্যাট করলে সমীকরণ তুলনামূলক সহজ। আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হবে। সে ক্ষেত্রে বাংলাদেশের নেট রানরেট দাঁড়াবে -০.৫৮০, যা জিম্বাবুয়ের -০.৫৯০ এর চেয়ে ভালো। তবে ৪০ বা তার কম রানে জিতলে জিম্বাবুয়েকে পেছনে ফেলতে পারবে না বাংলাদেশ।

অন্যদিকে পরে ব্যাট করলে জয়ের জন্য কত ওভার লাগছে, সেটিই হবে গুরুত্বপূর্ণ। যেমন আফগানিস্তান ২৫০ রান তুললে বাংলাদেশকে ২৫১ রানের লক্ষ্য ৪১ ওভার ৩ বলের মধ্যে তাড়া করতে হবে। অর্থাৎ ৫১ বল হাতে রেখে জয় নিশ্চিত করতে হবে।

আফগানিস্তান ২০০ রান করলে ২০১ রানের লক্ষ্য তাড়া করতে হবে সর্বোচ্চ ৪০ ওভার ৩ বলে। আর আফগানদের সংগ্রহ ৩০০ হলে ৩০১ রানের লক্ষ্য পূরণ করতে হবে ৪২ ওভার ২ বলের মধ্যে।

জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭২ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেই বড় হারই এখন ফাইনালের পথে প্রধান বাধা। তবে আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ের আরও বড় ব্যবধানে পরাজয় বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করেছে।

আগামী বুধবার (২১ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় তো বটেই, জয়ের ব্যবধানও ঠিক করে দেবে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ভবিষ্যৎ।