logo

পাকিস্তান ক্রিকেটে বড় দায়িত্ব পেতে পারেন শোয়েব আখতার

পাকিস্তান ক্রিকেটে বড় দায়িত্ব পেতে পারেন শোয়েব আখতার
শোয়েব আখতার। ছবি: এক্স থেকে নেওয়া

ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাইয়ের পর পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে পিসিবি। সেই পুনর্গঠনের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন সাবেক গতিতারকা শোয়েব আখতার।

পিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন শোয়েব। সেখানে পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সূত্রটির দাবি, শোয়েবকে বড় কোনো পদে আনার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে দায়িত্বের ধরন কিংবা নিয়োগের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

নাকভির সঙ্গে সাম্প্রতিক সময়ে শোয়েবের সম্পর্কও ঘনিষ্ঠ হয়েছে। অতীতে বিভিন্ন সময়ে পিসিবি ও পাকিস্তান ক্রিকেটের কড়া সমালোচনা করেছেন সাবেক এই পেসার। তবে সাম্প্রতিক বৈঠকে পাকিস্তান ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য নিজের কিছু পরিকল্পনা ও শর্তও তুলে ধরেছেন তিনি।

ইংল্যান্ড সফরের ব্যর্থতার পরই পিসিবির ক্রিকেটীয় সিদ্ধান্ত গ্রহণের কাঠামোয় পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হেরে ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ধবলধোলাই হয়েছে পাকিস্তান।

শুধু প্রশাসনিক পর্যায়ে নয়, কোচিং স্টাফেও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। জাতীয় দলের ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট ও ব্যাটিং কোচ অ্যাশলে নফকে সরে যাওয়ার পর বিদেশি কোচ ও পরামর্শক নিয়োগের বিষয়টিও বিবেচনা করছে পিসিবি।

নারী জাতীয় দলের জন্যও দীর্ঘমেয়াদি স্থায়ী প্রধান কোচ খুঁজছে বোর্ড। পিসিবি চেয়ারম্যান নাকভি পুরুষ, নারী, শাহিনস ও জুনিয়র দল সব পর্যায়েই উন্নত ফল চান বলে জানিয়েছে সূত্রটি।

ফলে শোয়েবকে ঘিরে আলোচনা শুধু একটি নিয়োগে সীমাবদ্ধ নয়। পাকিস্তান ক্রিকেটের পুরো ‘থিঙ্ক ট্যাঙ্ক’ পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসেবেই তাঁর নাম সামনে এসেছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে