logo

১৬৪ রান করেও ইংলিশদের কাছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের হার

১৬৪ রান করেও ইংলিশদের কাছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের হার
বাংলাদেশ চ্যাম্পিয়ন দল। ছবি: বাংলাদেশ চ্যাম্পিয়নের ফেসবুক পেজ

লক্ষ্যটা ঠিক অতটা সহজ ছিল না; তবে রবি বোপারার ব্যাটে বাংলাদেশের দেওয়া লক্ষ্যটা কঠিনও মনে হলো না। ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের অধিনায়কের অপরাজিত ৭৭ রানের ইনিংসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

শারজায় আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৬.১ ওভারেই ৩ উইকেটে ১৬৬ রানে পৌঁছে যায় ইংল্যান্ড। কামরুল ইসলামের বলে ছক্কা মেরে ম্যাচের শেষটাও করেন বোপারা ।

৪৫ বলে ৫ চার ও ৬ ছক্কায় অপরাজিত ৭৭ রান করেন ম্যাচসেরা বোপারা। শুরুতে ডেভিড মালান ১১ বলে ১৮ ও জেসন রয় ৯ বলে ১৫ রান করে ফিরলেও এক প্রান্ত ধরে রেখেছিলেন তিনি। ৯৬ রানে তৃতীয় উইকেট হারানোর পর ফিল মাস্টার্ডকে নিয়ে ম্যাচটাও দ্রুত শেষ করে দেন। মাস্টার্ড অপরাজিত থাকেন মাত্র ১৭ বলে ৩৭ রানে, তার ইনিংসে ছিল ২ চার ও ৪ ছক্কা।

বাংলাদেশের বোলারদের মধ্যে আবু জায়েদ, এনামুল হক জুনিয়র ও জিয়াউর রহমান একটি করে উইকেট নেন। তবে বোপারা-মাস্টার্ডের শেষের ঝড় থামাতে পারেননি কেউ।

এর আগে বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৪৪ রান করেন রনি তালুকদার। ৩৭ বলের ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। ফজলে মাহমুদ ১৬ বলে করেন ২৬ রান। তবে ৯৯ রানে ২ উইকেট থেকে হঠাৎই ধসে পড়ে বাংলাদেশের মাঝের সারি। মাত্র ১৬ রান যোগ করতেই আরও ৬ উইকেট হারিয়ে স্কোর হয়ে যায় ১১৫/৮।

শেষদিকে আবু জায়েদের ব্যাটেই লড়াইয়ের মতো সংগ্রহ পায় বাংলাদেশ। ১৬ বলে চারটি চার ও একটি ছক্কায় অপরাজিত ৩১ রান করেন এই পেসার। আরাফাত সানি করেন ১২ বলে ১৫। ইংল্যান্ডের সামিত প্যাটেল মাত্র ১৭ রান দিয়ে নেন ৪ উইকেট, রায়ান সাইডবটমের শিকার ২টি।