logo

স্পিনারদের দাপটে আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

স্পিনারদের দাপটে আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

স্পিন আক্রমণের দুর্দান্ত বোলিংয়ে চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা জয় দিয়েই শুরু করল বিশ্বকাপের সহ–আয়োজক শ্রীলঙ্কা। আর. প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়েছে লঙ্কানরা।

১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আয়ারল্যান্ড ১৯.৫ ওভারে ১৪৩ রানেই অলআউট হয়ে যায়। শ্রীলঙ্কার দুই স্পিনার মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনটি করে উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

ইনিংসের শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই অধিনায়ক পল স্টার্লিংকে (৬) ফেরান থিকশানা। এরপর রস অ্যাডায়ার ও হ্যারি টেক্টর জুটি বেঁধে দলকে কিছুটা এগিয়ে নিলেও হাসারাঙ্গা অ্যাডায়ারকে (৩৪) আউট করে সেই জুটি ভাঙেন।

টেক্টর ও লরকান টাকার তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ে লড়াইয়ে ফেরার আভাস দিলেও ১০৫ রানে টাকার (২১) বিদায়ে আবার চাপে পড়ে আয়ারল্যান্ড। এরপর স্পিনারদের ঘূর্ণিতে দ্রুতই ভেঙে পড়ে মিডল ও লোয়ারঅর্ডার। টেক্টর ৪০ রান করে হাসারাঙ্গার তৃতীয় শিকারে পরিণত হন। শেষদিকে ধারাবাহিক উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই গুটিয়ে যায় আইরিশ ইনিংস।

এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও শুরুতে খুব স্বচ্ছন্দ ছিল না। ওপেনার পাথুম নিশাঙ্কা (২৪) ও কামিল মিশারা (১৪) ২৮ রানের জুটি গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। মাঝপথে ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা।

সেই চাপ কাটিয়ে ইনিংস গড়ে তোলেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। দুজনের ৫০ রানের গুরুত্বপূর্ণ জুটিতে শ্রীলঙ্কা লড়াইয়ের পুঁজি পায়। কামিন্দু মাত্র ১৯ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল চারটি চার ও দুটি ছক্কা। অন্যপ্রান্তে কুশল মেন্ডিস অপরাজিত ৫৬ রান করে দলকে নিরাপদ সংগ্রহে পৌঁছে দেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান তোলে শ্রীলঙ্কা।

বল হাতে আয়ারল্যান্ডের হয়ে ব্যারি ম্যাকার্থি দুটি উইকেট নেন। তবে স্পিন নির্ভর শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সামনে সেই সংগ্রহ যথেষ্ট হয়নি।