বৃষ্টিতে পরিত্যক্ত পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের বহুল প্রতীক্ষিত পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটিতে শেষ পর্যন্ত একটি বলও মাঠে গড়াল না। টানা বৃষ্টির কারণে কলম্বোর আর. প্রেমাদাসা আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবারের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। তবে টসের কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয় এবং প্রায় আড়াই ঘণ্টা বিরতিহীনভাবে বর্ষণ চলতে থাকে। মাঠে পানি জমে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
পাঁচ ওভারের ম্যাচ শুরু করার কাট-অফ সময় ছিল রাত ১০টা ৪৬ মিনিট। কিন্তু মাঠের পরিস্থিতি অনুকূলে না থাকায় এক ঘণ্টা আগেই খেলা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর ফলে দুই দলই এক পয়েন্ট করে পায়। সুপার এইটের গ্রুপ–২ এ পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে ইংল্যান্ড ও স্বাগতিক শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপের সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে।
২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান তাদের পরের ম্যাচে মঙ্গলবার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ডের। অন্যদিকে নিউজিল্যান্ড আগামীকাল একই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে।
সুপার এইট পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ৪ ও ৫ মার্চ।
‘হাইব্রিড ফর্মুলা’ অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলছে। তারা সেমিফাইনালে উঠলে প্রথম সেমিফাইনালটি হবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে। অন্যথায় সেই ম্যাচ আয়োজন করা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। একইভাবে ৮ মার্চ নির্ধারিত ফাইনালের ভেন্যুও পাকিস্তানের যোগ্যতার ওপর নির্ভরশীল থাকবে।