logo
Advertisement

পাকিস্তানের স্থায়ী টেস্ট কোচ হতে আগ্রহী হেসন

পাকিস্তানের স্থায়ী টেস্ট কোচ হতে আগ্রহী হেসন
মাইক হেসন। ছবি: রয়টার্স

পাকিস্তানের টেস্ট দলের স্থায়ী কোচের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন মাইক হেসন। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের বলে জানিয়েছেন বর্তমানে সীমিত ওভারের দলের এই কোচ।

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের আগে অন্তর্বর্তীভাবে পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছিল হেসনকে। এজবাস্টনে সেই ম্যাচে আট উইকেটে হারে পাকিস্তান, সিরিজও শেষ হয় ৩-০ ব্যবধানে ধবলধোলাই দিয়ে। ফল হতাশাজনক হলেও পাকিস্তানের লাল বলের ক্রিকেটে থাকা প্রতিভা নিয়ে আশাবাদী হেসন।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি অবশ্যই আগ্রহী। টেস্ট ক্রিকেট আমি ভালোবাসি।’

হেসনের বিশ্বাস, সঠিক দিকনির্দেশনা পেলে পাকিস্তান টেস্ট ক্রিকেটে ঘুরে দাঁড়াতে পারে। তবে পরিবর্তন রাতারাতি আসবে না বলেও সতর্ক করেছেন তিনি।

‘পাকিস্তানের ক্রিকেট ব্যবস্থায় যথেষ্ট প্রতিভা আছে। আমরা যদি সঠিক দিকনির্দেশনা দিতে পারি, সামনে এগোনো সম্ভব। এক-দুই ম্যাচেই সেটা হবে না, তবে দক্ষতার অভাব নেই,’ বলেন হেসন।

স্থায়ী দায়িত্ব নিয়ে এখনো পিসিবির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি তার। আপাতত এশিয়ান গেমসকে সামনে রেখে সীমিত ওভারের দলের প্রস্তুতিতেই মনোযোগ দিতে চান তিনি।

হেসন বলেন, ‘এখনও এ নিয়ে ভাবার পর্যায়ে যাইনি। দেশে ফেরার এক সপ্তাহ পরই এশিয়ান গেমস। আপাতত সাদা বলের ক্রিকেটে সেটাই আমার মূল লক্ষ্য।’

তবে এশিয়ান গেমসের আগে বা পরে টেস্ট দলের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের সঙ্গে আলোচনা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

এর মধ্যেই আরেকটি তথ্য সামনে এনেছেন হেসন। ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট কোচের দায়িত্ব ছাড়ার পর তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। হেসনের এজেন্টের মাধ্যমে তার আগ্রহ ও প্রাপ্যতা নিয়ে প্রাথমিক আলোচনা চাওয়া হয়েছিল।

তবে বিষয়টি আর এগোয়নি। হেসন জানান, পাকিস্তানের প্রতি নিজের অঙ্গীকারের কথা তখনই পরিষ্কার করে দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত ইংল্যান্ডের টেস্ট কোচ হন স্টিফেন ফ্লেমিং।

নিউজিল্যান্ডের সাবেক কোচ হেসন দীর্ঘমেয়াদি দায়িত্বে কাজ করতেই স্বচ্ছন্দ। তার ভাষায়, বেশির ভাগ জায়গাতেই পাঁচ-ছয় বছর করে কাজ করেছেন তিনি।

অন্যদিকে ইংল্যান্ড সফরে পাকিস্তানের টেস্ট দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছে। তিন ম্যাচেই হারের পর সাবেক অধিনায়ক রমিজ রাজাও টেস্ট ক্রিকেটকে নতুন করে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন