Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রাহানে

এশিয়া পোস্ট স্পোর্টস
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন রাহানে
অজিঙ্কা রাহানে। ছবি: আইসিসি

ভারতের টেস্ট দলে ফেরার অপেক্ষা আর দীর্ঘায়িত করলেন না অজিঙ্কা রাহানে। আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্ত জানান ৩৮ বছর বয়সী এই ব্যাটার।

আবেগাপ্লুত রাহানে বলেন, ‘জীবনের বাস্তবতা হলো, সবকিছুরই শুরু আছে এবং শেষও আছে। এখন সামনে এগিয়ে যাওয়ার সঠিক সময় এসেছে।’

২০১১ সালে টি-টোয়েন্টি দিয়ে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল রাহানের। তিন সংস্করণ মিলিয়ে দেশের হয়ে খেলেছেন ১৯৫টি ম্যাচ। তবে ধৈর্য, রক্ষণ ও কঠিন পরিস্থিতিতে লড়াইয়ের দক্ষতার কারণে টেস্ট ক্রিকেটেই সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন মুম্বাইয়ের এই ব্যাটার।

৮৫ টেস্টে ৩৮ দশমিক ৪৬ গড়ে রাহানের সংগ্রহ ৫ হাজার ৭৭ রান। সেঞ্চুরি করেছেন ১২টি। ভারতের হয়ে সবশেষ খেলেছিলেন ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে। তার আগে ২০১৮ সালের পর আর সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের সুযোগ পাননি।

ওয়ানডেতে সাত বছরের ক্যারিয়ারে ৯০ ম্যাচে ২ হাজার ৯৬২ রান করেছেন রাহানে। এই সংস্করণে তার তিনটি সেঞ্চুরি রয়েছে। ২০১৫ বিশ্বকাপে ভারতের সেমিফাইনালে ওঠার পথেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। আট ইনিংসে করেছিলেন ২০৮ রান। এ ছাড়া ২০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ৩৭৫ রান।

তবে রাহানের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায় লেখা হয়েছিল ব্যাটার হিসেবে নয়, অধিনায়ক হিসেবে। ২০২০-২১ মৌসুমের অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল ভারত। এরপর পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে যান নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি।

প্রতিকূল সেই পরিস্থিতিতে দলের দায়িত্ব নিয়ে ভারতকে ঘুরে দাঁড়ানোর পথ দেখান রাহানে। মেলবোর্নে পরের টেস্টে তার সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরায় সফরকারীরা। শেষ পর্যন্ত অসংখ্য চোট ও অনভিজ্ঞ খেলোয়াড়দের নিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় করে ভারত।

অস্ট্রেলিয়া ছাড়াও আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রাহানে। তার অধিনায়কত্বে ছয় টেস্টের চারটিতে জিতেছে ভারত, বাকি দুটি হয়েছে ড্র। অর্থাৎ টেস্ট অধিনায়ক হিসেবে কখনো হারের মুখ দেখেননি তিনি।

দীর্ঘদিন ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা রাহানে জানিয়েছেন, পুরো ক্যারিয়ারে দেশ ও দলকে ব্যক্তিগত অর্জনের আগে রাখার চেষ্টা করেছেন। জাতীয় দলের অধ্যায় শেষ হলেও বর্তমানে ইংল্যান্ডে দ্য হান্ড্রেডের ধারাভাষ্যকার হিসেবে ক্রিকেটের সঙ্গেই আছেন তিনি।