logo
Advertisement

প্রথমবার নারী বিপিএল আয়োজনের ঘোষণা বিসিবির

এশিয়া পোস্ট নিউজ
প্রথমবার নারী বিপিএল আয়োজনের ঘোষণা বিসিবির

বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট উইমেনস বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) আয়োজনের ঘোষণা দিয়েছে। আগামী ৩ থেকে ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

Advertisement

বিসিবির নারী উইং থেকে বুধবার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের পেশাদার নারী ক্রিকেটের বিকাশে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। টুর্নামেন্টের উদ্বোধনী আসরে অংশ নেবে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল, যেখানে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি উদীয়মান খেলোয়াড়রাও সুযোগ পাবেন। স্থানীয় খেলোয়াড় বাছাই করা হবে প্লেয়ার ড্রাফটের মাধ্যমে, যাতে দলগুলোর শক্তির ভারসাম্য বজায় থাকে। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি পেশাদার ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগও পাবে, যা টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক মান ও আন্তর্জাতিক পরিচিতি বাড়াতে সহায়ক হবে বলে আশা করছে বিসিবি।

ডব্লিউবিপিএল পরিচালনার জন্য একটি গভর্নিং কাউন্সিল গঠন করা হয়েছে, যার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা। এই কাউন্সিল টুর্নামেন্ট–সংক্রান্ত সার্বিক সাংগঠনিক বিষয় তদারকি করবে।

ফ্র্যাঞ্চাইজির নাম, ড্রাফটের নিয়ম, প্রতিযোগিতার কাঠামো, ম্যাচ সূচি, ভেন্যু, সম্প্রচার ও বাণিজ্যিক অংশীদারত্ব-সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে বিসিবি। নারী ক্রিকেটের পেশাদার কাঠামো শক্তিশালী করার লক্ষ্যেই এই লিগ আয়োজন করা হচ্ছে বলে বোর্ড সূত্রে উল্লেখ করা হয়েছে।

বিষয় :