logo
Advertisement

মিরাজের দুই শিকারেও বড় হার গায়ানার

মিরাজের দুই শিকারেও বড় হার গায়ানার
ম্যাচে ২ উইকেট নেন মিরাজ। ছবি: সিপিএলের এক্স অ্যাকাউন্টের ভিডিও থেকে নেওয়া

বল হাতে আরও একবার কার্যকর মেহেদী হাসান মিরাজ। তবে তার দুই উইকেটও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হার থেকে বাঁচাতে পারেনি। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৯৯ রানে গুটিয়ে যাওয়া গায়ানা বার্বাডোজ ট্রাইডেন্টসের কাছে হেরেছে ৬ উইকেটে।

ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের লিগ পর্বের শেষ ম্যাচে ১০০ রানের লক্ষ্য বার্বাডোজ ছুঁয়ে ফেলে ১৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে। ৩১ বল হাতে রেখেই নিশ্চিত হয় তাদের জয়।

ছোট পুঁজি নিয়েও গায়ানার হয়ে লড়েছেন মিরাজ। চার ওভারে ২৫ রান দিয়ে নেন ২ উইকেট। ব্যাট হাতেও দলের বিপর্যয়ের মধ্যে করেন ১৮ রান। গায়ানার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র তিন ব্যাটার। গ্লেন ফিলিপস করেন সর্বোচ্চ ২৪, রোমারিও শেফার্ডের ব্যাট থেকে আসে ২২।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বার্বাডোজের স্পিন আক্রমণে চাপে পড়ে গায়ানা। ১৮.১ ওভারেই শেষ হয় তাদের ইনিংস। আল্লাহ মোহাম্মদ গজনফর ১৭ রানে এবং জোহান লেইন ১৪ রানে নেন ৩টি করে উইকেট। জর্জ লিন্ডে ১৩ রানে পান ২ উইকেট। ম্যাচসেরাও হয়েছেন গজনফর।

১০০ রানের লক্ষ্য তাড়ায় বার্বাডোজের পথ দেখান ব্র্যান্ডন কিং। ৪২ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৪৪ রান। শ্যাডর্যাক ডেসকার্টের ব্যাট থেকে আসে ২০ বলে ৩২। মিরাজের দুই উইকেটে মাঝপথে কিছুটা চাপ তৈরি হলেও লক্ষ্যটা খুব ছোট হওয়ায় ম্যাচে ফিরতে পারেনি গায়ানা।

হারলেও লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অন্যদিকে তৃতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করেছে বার্বাডোজ। এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ জ্যামাইকা কিংসমেন।