বাংলাদেশের বিপক্ষে উইকেট কেমন হবে, নিশ্চিত নন কামিন্স

দেখে এবং ছুঁয়ে শক্তই মনে হয়েছে ডারউইনের মারারা স্টেডিয়ামের উইকেট। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে সেটি কেমন আচরণ করবে, তা নিয়ে নিশ্চিত নন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ম্যাচের আগের দিন উইকেট পর্যবেক্ষণের পর কামিন্স বলেন, ‘এইমাত্র ছুঁয়ে দেখলাম। দেখতে ও অনুভবে শক্ত মনে হচ্ছে। গত বছর এখানে একটি “এ” দলের ম্যাচ হয়েছিল এবং সেটি ব্যাটিংয়ের জন্য বেশ ভালো উইকেট ছিল। তবে এবার কী প্রত্যাশা করব, জানি না।’
দুই ভাগে তৈরি ড্রপ-ইন উইকেটটি বসানো হয়েছে মারারা স্টেডিয়ামের মাঝখানে। প্রায় ২২ বছর পর এই মাঠে টেস্ট ক্রিকেট ফিরলেও সাম্প্রতিক সময়ে এখানে প্রথম শ্রেণির ম্যাচ হয়েছে মাত্র একটি। ফলে উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার মতো পর্যাপ্ত তথ্য নেই অস্ট্রেলিয়ার কাছেও।
গত বছরের অস্ট্রেলিয়া ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের ম্যাচে প্রথমে ব্যাট করা দল সুবিধা না পেলেও পরে ব্যাট করে ৪৮৬ রান করেছিল স্বাগতিকেরা। ওই ম্যাচে স্পিনারদের তুলনায় পেসাররা বেশি সহায়তা পেয়েছিলেন। তবে সকালের শিশির সরে যাওয়ার পর উইকেট ধীরে ধীরে ব্যাটিংবান্ধব হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উইকেট নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ নিয়েই নামছে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও কামিন্সের সঙ্গে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে আছেন নাথান লায়ন। পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টারও অধিনায়ককে বাড়তি বিকল্প দেবেন।
হ্যাজেলউড ও স্কট বোল্যান্ডের মধ্যে একজনকে বেছে নেওয়া সহজ ছিল না বলে জানিয়েছেন কামিন্স। তিনি বলেন, ‘দুজনই দুর্দান্ত বোলার। আমরা নাথান লায়নকে খেলানোর ব্যাপারে মোটামুটি নিশ্চিত ছিলাম। এরপর পেস আক্রমণের সমন্বয় ঠিক করতে হয়েছে। সিদ্ধান্তটি খুবই কঠিন ছিল।’
বাংলাদেশও তিন পেসারের সঙ্গে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে খেলানোর কথা ভাবছে। উইকেটে ঘাস থাকলেও ব্যাটার ও বোলার উভয়ের জন্য সহায়তা থাকবে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ডারউইনে ২২ বছর পর আয়োজিত এই টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছরের অপেক্ষার অবসান হচ্ছে বাংলাদেশের। অচেনা ড্রপ-ইন উইকেটের আচরণ তাই দুই দলের জন্যই বড় কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।
অস্ট্রেলিয়া একাদশ: জ্যাক ওয়েদারল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।
.png)


