প্রথম টেস্টের জন্য ফিট লিটন

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগের দিন স্বস্তির খবর পেল বাংলাদেশ। পুরোপুরি ফিট ঘোষণা করা হয়েছে লিটন কুমার দাসকে। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ডারউইন টেস্টে নির্বাচনের জন্য পাওয়া যাবে এই ব্যাটারকে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে লিটন একাদশে থাকবেন কি না, সেটি নির্ভর করবে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর।
এদিকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলামও। বুধবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন তিনি। দলের সঙ্গে যোগ দিয়ে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুতি নেবেন শরিফুল।
এর আগে অস্ট্রেলিয়া সফরের দলে থাকলেও ফিটনেস নিয়ে সংশয়ের কারণে দলের সঙ্গে যেতে পারেননি এই পেসার। পরীক্ষায় ছাড়পত্র পাওয়ায় এবার তাঁর অস্ট্রেলিয়া যাওয়ার পথ খুলল। তবে দ্বিতীয় টেস্টের একাদশে তাঁর জায়গা নিশ্চিত নয়।
অন্যদিকে প্রথম টেস্টের আগে দেশে ফিরছেন জাকের আলী অনিক ও মুশফিক হাসান। অস্ট্রেলিয়া থেকে ফিরে বাংলাদেশ ‘এ’ দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের প্রস্তুতি শুরু করবেন দুজন।
জাকের ও মুশফিকের পরিবর্তে নতুন করে কাউকে টেস্ট দলে নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে বিসিবির বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।
.png)

