অবশেষে ভারতের ভিসা পেলেন ইংল্যান্ডের তিন মুসলিম ক্রিকেটার

ঝুলে থাকার পর অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় স্বস্তি এলো ইংল্যান্ড শিবিরে। আইসিসির সরাসরি উদ্যোগে ভারত ভ্রমণের ভিসা পেয়েছেন ইংল্যান্ড দলে থাকা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা—আদিল রশিদ, রেহান আহমেদ ও সাকিব মাহমুদ। তবে যুক্তরাষ্ট্রের আলি খানসহ আরও কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার ভিসা এখনও ঝুলে আছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের তিন ক্রিকেটারের পাশাপাশি নেদারল্যান্ডস দলের সদস্য ও কানাডার কর্মকর্তা শাহ সেলিম জাফরও ভারতীয় ভিসা পেয়েছেন। তবে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ইতালি, ও কানাডার কয়েকজন পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড় ও কর্মকর্তার আবেদন এখনো প্রক্রিয়াধীন। তাদের আগামী সপ্তাহে ভিসা সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে। চূড়ান্ত সময়সীমা ৩১ জানুয়ারি।
ঐতিহাসিকভাবেই পাকিস্তানি বংশোদ্ভূতদের ভিসা যাচাইয়ে বাড়তি প্রশাসনিক ধাপ থাকে। বিষয়টি আলোচনায় আসে যখন মার্কিন পেসার আলি খান ইনস্টাগ্রামে “visa denial” লিখে স্টোরি দেন। এরপরই আইসিসি একাধিক দেশে ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে প্রক্রিয়া ত্বরান্বিত করে।
আইসিসি জানিয়েছে, খেলোয়াড়দের পাশাপাশি ম্যাচ কর্মকর্তাদের ভিসাও সমন্বয় করা হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই বাকি অনুমোদন মিলবে বলে তারা আশাবাদী।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি থেকে।