logo

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন
বিসিবি। ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমকে কমিশনের প্রধান করা হয়েছে।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।

এই তিন সদস্যের কমিশন বিসিবির আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের পুরো প্রক্রিয়া ও সংশ্লিষ্ট আইনি বিষয় তদারক করবে। কমিশনে দুজন বিসিবির মনোনয়নে এবং একজন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দায়িত্ব পেয়েছেন।

নির্বাচনের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে নির্বাচনি প্রক্রিয়ার অংশ হিসেবে এরই মধ্যে কাউন্সিলরদের তালিকা চেয়ে সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব ও সংগঠনগুলোকে চিঠি দিয়েছে বিসিবি।

গত বছরের অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদে ২৫ জন পরিচালক নির্বাচিত হন। তাদের ভোটে সভাপতি হন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। তবে ওই নির্বাচন ঘিরে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ ওঠে। পরে গত ৭ এপ্রিল আমিনুলের নেতৃত্বাধীন কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

সেদিনই জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদ এই কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা দেয়।

কয়েক দিন আগে তামিম ইকবাল জানিয়েছিলেন, জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে বিসিবির নির্বাচন হতে পারে। নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে সেই প্রস্তুতি আরও এক ধাপ এগোল।