logo

ঘরোয়া ক্রিকেটে ছয় দলের নতুন কাঠামো আনছে বিসিবি

ঘরোয়া ক্রিকেটে ছয় দলের নতুন কাঠামো আনছে বিসিবি
নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি। ছবি: ক্রিকবাজ

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামোয় বড় পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছয় দল নিয়ে তিন সংস্করণের একটি সমন্বিত প্রতিযোগিতা চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। নতুন কাঠামোয় দলগুলোর মালিকানা দেওয়া হবে দেশের প্রতিষ্ঠিত করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানকে।

রোববার বিসিবি পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তাবিত কাঠামোয় ছয় দলকে নিয়ে চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট, এক দিনের লিস্ট ‘এ’ এবং টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিন সংস্করণই পরিচালিত হবে একই প্রতিযোগিতা কাঠামোর অধীনে।

দলগুলোর মালিকানা স্বত্ব প্রাথমিকভাবে তিন বছরের জন্য দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে দেওয়ার পরিকল্পনা করেছে বিসিবি।

নতুন ব্যবস্থায় প্রথম প্রতিযোগিতা হিসেবে টি-টোয়েন্টি আয়োজনের কথা জানিয়েছে বোর্ড। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের ডিসেম্বরেই ছয় দলের সেই টুর্নামেন্ট মাঠে গড়াতে পারে।

তবে পুরো কাঠামোটি এখনো প্রস্তাবিত পর্যায়ে রয়েছে। বিসিবি জানিয়েছে, ছয় দলের এই নতুন ঘরোয়া কাঠামো চালুর বিষয়ে বোর্ড নীতিগত সম্মতি দিয়েছে।