logo

সিরিজ হারের পরও মোস্তারি-মারুফাদের র‍্যাংকিংয়ে উন্নতি

সিরিজ হারের পরও মোস্তারি-মারুফাদের র‍্যাংকিংয়ে উন্নতি

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে কিছুটা স্বস্তির খবর পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসির সর্বশেষ র‍্যাংকিংয়ে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই উন্নতি করেছেন দলের একাধিক ক্রিকেটার।

ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সিরিজের তৃতীয় ওয়ানডেতে তার ৯০ বলে ৪০ রানের ইনিংস এই অগ্রগতিতে ভূমিকা রেখেছে। একই ম্যাচে দারুণ ব্যাটিং করা সোবহানা মোস্তারি আরও বড় লাফ দিয়েছেন। ৮০ বলে ৭৪ রানের ইনিংস খেলেই পাঁচ ধাপ এগিয়ে এখন তিনি আছেন ৪৫ নম্বরে।

তালিকায় বাংলাদেশের মধ্যে এখনও এগিয়ে শারমিন আক্তার সুপ্তা, যদিও পাঁচ ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন ২৭ নম্বরে। এ ছাড়া রিতু মনি সংক্ষিপ্ত ইনিংস খেলেও আট ধাপ এগিয়ে ৮৩ নম্বরে উঠে এসেছেন।

বোলিং বিভাগেও রয়েছে কিছু ইতিবাচক পরিবর্তন। দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসে বাংলাদেশের সেরা বোলার হিসেবে অবস্থান ধরে রেখেছেন নাহিদ আক্তার। অন্যদিকে রাবেয়া খান চার ধাপ পিছিয়ে ২৪ নম্বরে নেমেছেন। ফাহিমা খাতুন এক ধাপ পিছিয়ে এখন ৩২ নম্বরে।

তবে বড় উন্নতি করেছেন মারুফা আক্তার। ছয় ধাপ এগিয়ে তিনি এখন ৩৭ নম্বরে। সুলতানা খাতুনও উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছেন, ১৬ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৪৪ নম্বরে। রিতু মনি বোলার হিসেবেও দুই ধাপ এগিয়ে ১০০ নম্বরে অবস্থান করছেন।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও কিছু পরিবর্তন এসেছে। শ্রীলঙ্কার নিমাশা মীপাগে ৭১ ধাপ এগিয়ে বড় উত্থান ঘটিয়েছেন। অন্যদিকে অলরাউন্ডারদের তালিকায় শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু এক ধাপ এগিয়ে এখন নবম স্থানে। ব্যাটিংয়েও উন্নতি করেছেন হার্শিতা সামারাবিক্রমা, উঠে এসেছেন ২০ নম্বরে।

ব্যাটারদের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের স্মৃতি মান্ধানা। বোলারদের মধ্যে এক নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং।