logo

অবসরের পর ২ বছরের নিষেধাজ্ঞায় ব্রেসওয়েল

অবসরের পর ২ বছরের নিষেধাজ্ঞায় ব্রেসওয়েল

নিষিদ্ধ মাদক পরীক্ষায় পজিটিভ হওয়ায় নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ডগ ব্রেসওয়েলকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানায়।

৩৫ বছর বয়সি এই অলরাউন্ডার গত বছরের সেপ্টেম্বরে দেওয়া একটি ইন-কম্পিটিশন নমুনায় কোকেন এবং এর উপাদান বেঞ্জয়লেকগোনিনের উপস্থিতি ধরা পড়ে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ডোপিংবিরোধী নীতিমালায় কোকেন নিষিদ্ধ পদার্থ হিসেবে তালিকাভুক্ত ফলে এই শাস্তি পান এই কিউই ক্রিকেটার।

গত ডিসেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের হয়ে খেলেছিলেন ব্রেসওয়েল। আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে তিনি মোট ৬৯টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ২৮টি টেস্টও রয়েছে।

কাউন্টি ক্লাব এসেক্স এক বিবৃতিতে জানিয়েছে, ব্রেসওয়েলের আচরণ তারা সমর্থন করে না। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় তাকে সহায়তা করা হবে বলে উল্লেখ করেছে ক্লাবটি।

এটি অবশ্য তার প্রথম বিতর্ক নয়। ২০২৪ সালে দেশীয় টি-টোয়েন্টি ম্যাচের পর কোকেন পরীক্ষায় পজিটিভ হওয়ায় নিউজিল্যান্ডেও একবার শাস্তি পেয়েছিলেন তিনি। তখন এক মাসের নিষেধাজ্ঞার পাশাপাশি একটি পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করেছিলেন ব্রেসওয়েল।