logo

রিশাদকে গুগলিতে উন্নতি করতে বললেন মুশতাক

রিশাদকে গুগলিতে উন্নতি করতে বললেন মুশতাক

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশের স্পিন বিভাগ নিয়ে কথা বলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। সেই কথায় উঠে আসে তরুণ লেগ  স্পিনার রিশাদ হোসেনের কথা। সম্প্রতি ম্যাচগুলোতে তুলনামূলক খরুচে রিশাদের উন্নতির অনেক জায়গা দেখছেন এই স্পিন বোলিং কিংবদন্তি। 

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে রিশাদকে নিয়ে তিনি বলেন, ‘ডিফারেন্ট ভেরিয়েশন আছে, ক্রিজও ভালো ব্যবহার করছে। তবে গুগলিতে ওকে আরও উন্নতি করতে হবে।’

মুশতাক মনে করেন, লেগ স্পিনারদের ক্ষেত্রে ধারাবাহিকতা বড় চ্যালেঞ্জ। ‘রিপিটেবল অ্যাকশন খুব গুরুত্বপূর্ণ। কারণ লেগ স্পিনাররা অনেক সময় খরুচে হয়ে যেতে পারে,’ বলেন তিনি।

শেষ ওয়ানডেতে রিশাদ একাদশে না থাকলেও সেটিকে নেতিবাচকভাবে দেখছেন না কোচ। ‘এটা ওর প্রগ্রেসের অংশ। মাঝে মাঝে বাইরে বসতে হবে। মাইন্ড স্ট্রং করতে হবে,’ বলেন মুশতাক।

তিনি আরও ক্রিকেটারদের শক্ত মানসিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, স্কিল আপনাকে এতদূর নিয়ে আসবে, কিন্তু টিকে থাকতে হলে স্ট্রং মাইন্ডসেট দরকার।

রিশাদকে শেষ ওয়ানডেতে ড্রপ করা হয়নি বলেও পরিষ্কার করেন তিনি। ‘ও ভালো বল করেছে। আমরা চাই সব স্পিনার সুযোগ পাক। তাই কেউ বাইরে থাকলেও যেন পজিটিভ থাকে,’ বলেন স্পিন কোচ।