Advertisement

অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনালে খেলবেন সাব্বির

এশিয়া পোস্ট নিউজ
অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনালে খেলবেন সাব্বির

শুরুর স্কোয়াডে জায়গা না পেলেও অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচের আগে দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। বিসিবি সূত্র এশিয়া পোস্টকে জানিয়েছে, মাহমুদুল হাসান জয়ের ইনজুরিতে সাব্বির রহমানকে দুর্বার একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে দুর্বার ও ধূমকেতু। এই ম্যাচেই দুর্বারের হয়ে মাঠে নামবেন সাব্বির। দলটির নেতৃত্বে আছেন জাতীয় দলের ব্যাটার নাজমুল হোসেন শান্ত।

টুর্নামেন্ট শুরুর সময় তিন দলের ৩৯ জনের প্রাথমিক স্কোয়াডে সাব্বিরের নাম না থাকায় বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি। শেষ পর্যন্ত ফাইনালের আগে সুযোগ পাওয়ায় সেই অপেক্ষার অবসান হলো অভিজ্ঞ এই ক্রিকেটারের।

ফাইনালে দুর্বারের প্রতিপক্ষ ধূমকেতু একাদশের নেতৃত্বে রয়েছেন জাতীয় দলের অধিনায়ক লিটন দাস। বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াডের আদলে গড়া হয়েছে ধূমকেতুর দলটি।

এদিকে টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিয়েছে সবচেয়ে কম বয়সী দল দুরন্ত, যাদের নেতৃত্বে ছিলেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।