Advertisement

ক্রিকেট ম্যাচে মৌমাছির হামলায় প্রাণ হারালেন অভিজ্ঞ আম্পায়ার

এশিয়া পোস্ট নিউজ
ক্রিকেট ম্যাচে মৌমাছির হামলায় প্রাণ হারালেন অভিজ্ঞ আম্পায়ার

ভারতের উত্তর প্রদেশের উন্নাও জেলায় অনূর্ধ্ব-১৩ ক্রিকেট লিগের একটি ম্যাচ চলাকালে মৌমাছির ঝাঁকের হামলায় প্রাণ হারিয়েছেন অভিজ্ঞ আম্পায়ার মানিক গুপ্ত (৬৫)। বুধবার সকালে গঙ্গাঘাট কোটওয়ালি এলাকার রাহুল সাপরু গ্রাউন্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

Advertisement

বুধবার (১৮ ফেব্রুয়ারি) চোখের পলকে বদলে যায় ম্যাচের আবহ। সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ একটি বড় মৌমাছির ঝাঁক মাঠে নেমে আসে। খেলোয়াড়, আম্পায়ার ও গ্রাউন্ড স্টাফ মিলিয়ে প্রায় ৪০ থেকে ৪৫ জন সেখানে উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মাঠের সীমানা প্রাচীর ঘেঁষে একটি বটগাছে মৌচাক ছিল। সকাল থেকেই মৌমাছি উড়াউড়ি করছিল, তবে তৃতীয় দফায় আক্রমণটি ছিল সবচেয়ে ভয়াবহ।

প্রথম হামলা হয় সকাল ৭টার দিকে, যখন খেলোয়াড়রা মাঠে এসে প্রস্তুতি নিচ্ছিল। এরপর সকাল ৮টার দিকে আবারও কয়েকজন দংশনের শিকার হন। কিন্তু সাড়ে ৮টার দিকে পুরো ঝাঁক নেমে আসলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় ১৫ মিনিট ধরে চলা এই হামলায় সবাই ছত্রভঙ্গ হয়ে আশ্রয় খোঁজেন।

সেই সময় মাঠের পাশে বসা মানিক গুপ্ত পালানোর চেষ্টা করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান। প্রত্যক্ষদর্শী ও সহ-আম্পায়ার সুনীল কুমার নিশাদের দাবি, অন্তত ৫০টির বেশি মৌমাছি তাকে ঘিরে ধরে প্রায় ১০ মিনিট ধরে দংশন করে। হৃদরোগে আক্রান্ত ছিলেন গুপ্ত; দ্রুত তার শারীরিক অবস্থা অবনতি হতে থাকে এবং তিনি অচেতন হয়ে পড়েন।

মোট ৪০-৫০ জন দংশনের শিকার হন। গুরুতর আহত অন্তত ১০ জনকে কানপুরের একটি বেসরকারি নার্সিং হোমে নেওয়া হয়। সেখান থেকে মানিক গুপ্তকে লালা লাজপত রায় (হ্যালেট) হাসপাতালে রেফার করা হলেও পথেই তার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়। হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রের অভিযোগ, প্রথমে দুটি হাসপাতাল তার গুরুতর অবস্থার কারণে ভর্তি নিতে অস্বীকৃতি জানায়। প্রাথমিক চিকিৎসার উদ্যোগ নেন সাবেক রঞ্জি ক্রিকেটার রাহুল সাপরু, তিনিই তাকে হাসপাতালে নিয়ে যান।

কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে প্রায় তিন দশক যুক্ত ছিলেন মানিক গুপ্ত। কানপুরের ফিলখানা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। রেখে গেছেন স্ত্রী ও চার কন্যা—তিনজন বিবাহিত, কনিষ্ঠ কন্যা এখনও শিক্ষার্থী।

মৌমাছির হামলার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ক্রিকেট বল বা অন্য কোনো কারণে মৌচাক বিরক্ত হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

সূত্র : নিউজ১৮