সাত ক্রিকেটারকে ফেরানোর পর এবার তদন্ত শুরু পিসিবির

ইংল্যান্ডে টানা দুই টেস্টে বড় হারের পর সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান। সরিয়ে দিয়েছে দুই কোচকেও। তাতেও শেষ হচ্ছে না সফরের অস্থিরতা। এবার দলের শৃঙ্খলা ও আচরণ নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন পিসিবির মিডিয়া পরিচালক আমির মীর। তিনি জানিয়েছেন, শৃঙ্খলা ও আচরণ নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনের পর বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে বোর্ড।
তবে ঠিক কী ঘটনার তদন্ত হচ্ছে কিংবা কার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তা প্রকাশ করেনি পিসিবি। বোর্ডের বক্তব্য, নিজস্ব নিয়ম অনুযায়ী তদন্ত চলছে। সংশ্লিষ্ট সবার বিষয় যথাযথভাবে বিবেচনায় নিয়েই প্রক্রিয়াটি এগোবে।
দেশে ফেরত পাঠানো সাত ক্রিকেটারের মধ্যেই তদন্ত সীমিত কি না, সেটিও স্পষ্ট নয়। ইংল্যান্ডে থাকা দলের অন্য সদস্যরা তদন্তের আওতায় আছেন কি না, সে বিষয়েও কিছু জানায়নি বোর্ড।
মাঠের পারফরম্যান্সে অবশ্য পাকিস্তানের দুর্দশা স্পষ্ট। হেডিংলিতে প্রথম টেস্টে এক ইনিংস ও ১০৩ রানে হেরেছে তারা। লর্ডসে দ্বিতীয় টেস্টে হার ১৯৪ রানে। তিন ম্যাচের সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড।
লর্ডসের হারের পরই দলে বড় পরিবর্তন আনে পিসিবি। সাত ক্রিকেটারকে দেশে পাঠানোর পাশাপাশি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে। শেষ টেস্টের জন্য অন্তর্বর্তী দায়িত্ব পেয়েছেন মাইক হেসন ও অ্যাশলি নফকে।
আগামী ৯ সেপ্টেম্বর বার্মিংহামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। হোয়াইটওয়াশ এড়ানোর সেই ম্যাচে নামার আগে মাঠের প্রস্তুতির সঙ্গে এবার তদন্তের চাপও সঙ্গী পাকিস্তানের।


