logo
Advertisement

এশিয়ান গেমসের পর নারী দলের অধিনায়কত্ব নিয়ে বসবে বিসিবি

এশিয়ান গেমসের পর নারী দলের অধিনায়কত্ব নিয়ে বসবে বিসিবি
বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পুরোনো ছবি

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়কত্ব নিয়ে আলোচনা হবে এশিয়ান গেমসের পর। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্ব ও পারফরম্যান্স নিয়ে ওঠা প্রশ্নগুলো পর্যবেক্ষণ করছে বিসিবি। তবে আপাতত আগে থেকে নির্বাচিত দল ও অধিনায়ক নিয়েই প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অবস্থান জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তার ভাষ্য, এশিয়ান গেমসের জন্য দল ও অধিনায়কের নাম অনেক আগেই পাঠানো হয়েছে। প্রতিযোগিতার আগে তাই বিষয়টি নিয়ে নতুন কোনো মন্তব্য করতে চান না তিনি।

বাবু বলেন, ‘দল নির্বাচন হয়ে গেছে, অধিনায়কও নির্বাচিত। দেড় থেকে দুই মাস আগেই নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দলটিই খেলতে যাবে।’

নারী দলের অধিনায়কত্ব নিয়ে বোর্ড সভাপতির সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান বাবু। নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও পারফরম্যান্স নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেগুলো শোনা যাচ্ছে, আমরা শুনছি, পর্যবেক্ষণ করছি। টুর্নামেন্টের পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব।’

এশিয়ান গেমসে দলের পারফরম্যান্সও পরবর্তী আলোচনায় গুরুত্ব পাবে বলে ইঙ্গিত দিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান। পাশাপাশি ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি।

বাবু বলেন, ‘ওখানে ভালো পারফর্ম করলে, সবকিছু ঠিকঠাক থাকলে একরকম। আর যে অভিযোগগুলো আছে, সেগুলো আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ভারতের ১৪৯ রান তাড়া করতে নেমে লক্ষ্য ছুঁতে পারেনি জ্যোতির দল। সেই হতাশা কাটিয়ে এবার এশিয়ান গেমসে ভালো করার প্রত্যাশা বিসিবির।

দলের উন্নতির জন্য ভুলগুলো চিহ্নিত করে কাজ করার ওপরও জোর দিয়েছেন বাবু। তার মতে, শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর সুযোগ তৈরি করেও কিছু ভুলের কারণে ম্যাচ হাতছাড়া করছে বাংলাদেশ। বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাছাকাছি গিয়েও জিততে না পারার প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

সেই জায়গাগুলো শুধরে মেয়েরা সামনে এগিয়ে যাবে বলে আশা নারী উইংয়ের চেয়ারম্যানের। বাবু বলেন, ‘আমরা আশা করছি, ওখানে তারা ভালো খেলবে। যে সমস্ত ভুল করেছে, সেগুলো শুধরে তারা দেশের সুনাম অর্জন করবে।’