Advertisement

মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি

এশিয়া পোস্ট স্পোর্টস
মিরাজকে সরিয়ে ওয়ানডের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল বিসিবি
মেহেদী হাসান মিরাজ। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ দলের নেতৃত্ব কাঠামোয় আবারও পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। আগে থেকেই টি-টোয়েন্টির দায়িত্বে থাকা লিটন এখন সাদা বলের দুই সংস্করণেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।

বুধবার মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, নেতৃত্বে পরিবর্তন আনার আগে মিরাজের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বোর্ডের পরিকল্পনায় সম্মতিও দিয়েছেন এই অলরাউন্ডার।

তিন সংস্করণে তিন অধিনায়ক রাখার নীতি থেকে সরে আসতেই এই পরিবর্তন এনেছে বিসিবি। নতুন কাঠামোয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব থাকবে লিটনের হাতে। টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন নাজমুল হোসেন শান্ত।

২০২৫ সালের জুনে শান্তর জায়গায় ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল মিরাজকে। তার অধীনে শুরুটা ভালো না হলেও পরে কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে বিদেশের মাটিতে প্রত্যাশিত সাফল্য পায়নি দল। দেশের বাইরে মিরাজের নেতৃত্বে ১৩ ওয়ানডের মধ্যে মাত্র দুটিতে জিতেছে বাংলাদেশ।

এর আগে তিন সংস্করণেই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছিলেন শান্ত। তিনি টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়ার পর লিটনকে অধিনায়ক করে বিসিবি। পরে শান্তকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দায়িত্ব দেওয়া হয় মিরাজকে। ফলে টেস্টে শান্ত, ওয়ানডেতে মিরাজ এবং টি-টোয়েন্টিতে লিটন নেতৃত্ব দিয়ে আসছিলেন।

মিরাজকে সরিয়ে লিটনের হাতে ওয়ানডে দলের দায়িত্ব তুলে দেওয়ায় সেই তিন অধিনায়কের অধ্যায়ের সমাপ্তি ঘটল। এখন থেকে লাল বলের ক্রিকেটে শান্ত এবং সাদা বলের দুই সংস্করণে লিটনকে ঘিরেই পরিকল্পনা সাজাবে বাংলাদেশ।