logo

স্টার্ককে পেতে আরও অপেক্ষা করতে হবে দিল্লিকে

স্টার্ককে পেতে আরও অপেক্ষা করতে হবে দিল্লিকে

আইপিএল ২০২৬ শুরুর দারুণ ছন্দের মধ্যেই ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। দলের তারকা পেসার মিচেল স্টার্ককে আরও কিছুদিনের জন্য পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি। চোটের কারণে অন্তত আরও তিনটি ম্যাচে তার অনুপস্থিতি নিশ্চিত বলে জানা গেছে।

অক্ষর প্যাটেলের নেতৃত্বে মৌসুম ভালোভাবেই শুরু করেছে দিল্লি। প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে দলটি। লখনউ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে শুরুটা ইতিবাচক হলেও স্টার্কের না থাকা বোলিং আক্রমণে স্পষ্ট প্রভাব ফেলছে। বর্তমানে পেস বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন মুকেশ কুমার ও টি নটরাজন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, কাঁধ ও কনুইয়ের চোট থেকে সেরে উঠতে সময় লাগছে স্টার্কের। সবকিছু ঠিক থাকলে তিনি ২০ এপ্রিলের পর দলের সঙ্গে যোগ দিতে পারেন। এর আগে দিল্লিকে খেলতে হবে গুজরাট টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।

দলের বোলিং লাইনআপে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, নটরাজন ও মুকেশ কুমারের উপস্থিতি ভারসাম্য এনে দিলেও স্টার্কের মতো অভিজ্ঞ ও কার্যকর পেসারের অভাব যে অনুভূত হচ্ছে, তা বলাই যায়। 

এদিকে মৌসুমের শুরুতে দেরিতে যোগ দেওয়া নিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন স্টার্ক। তবে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, দেরির পেছনে দায়ী চোট, কোনোভাবেই প্রতিশ্রুতির ঘাটতি নয়। নিজের শারীরিক অবস্থার সঠিক মূল্যায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

গত মৌসুমে ১৪ উইকেট নেওয়া এই অজি পেসার অবশ্য নিজের অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন। ফ্র্যাঞ্চাইজি ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে দ্রুত সুস্থ হয়ে দলে ফেরার আশ্বাস দিয়েছেন তিনি। এখন দেখার বিষয়, তার প্রত্যাবর্তনের পর দিল্লির বোলিং আক্রমণ কতটা নতুন মাত্রা পায়।