এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটে বাছাইপর্ব খেলতে হবে না বাংলাদেশ পুরুষ দলকে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে শীর্ষ চার বাছাই দলের একটি হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ।
জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় ২০২৬ এশিয়ান গেমসের দলীয় ইভেন্টগুলোর ড্র অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। আয়োজকদের প্রকাশিত ড্র অনুযায়ী, পুরুষ ক্রিকেটে অংশ নেবে ১০টি দল। বাংলাদেশসহ চারটি দল সরাসরি শেষ আটে জায়গা পাওয়ায় বাকি ছয় দলকে খেলতে হবে প্রাথমিক পর্বে।
প্রাথমিক পর্বে ছয় দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে। ‘এ’ গ্রুপে রয়েছে আফগানিস্তান, স্বাগতিক জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে যোগ দেবে।
প্রাথমিক পর্ব শেষ হওয়ার পরই জানা যাবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ। শেষ আটে জয় পেলে সরাসরি সেমিফাইনালে উঠে পদকের লড়াইয়ে নামবে বাংলাদেশ।
পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। পদক নির্ধারণী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। পুরুষ ও নারী উভয় বিভাগের সব ম্যাচই হবে টি-টোয়েন্টি সংস্করণে।
নারীদের প্রতিযোগিতায় প্রাথমিক পর্ব রাখা হয়নি। আটটি দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে অভিযান শুরু করবে। শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। অন্য তিন ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারত খেলবে স্বাগতিক জাপানের বিপক্ষে, শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তান মুখোমুখি হবে থাইল্যান্ডের।
নারীদের ক্রিকেট প্রতিযোগিতা চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। ২২ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে স্বর্ণ ও ব্রোঞ্জপদক নির্ধারণী ম্যাচ।
সর্বশেষ হাংঝু এশিয়ান গেমসে পুরুষ ও নারী দুই বিভাগেই স্বর্ণ জিতেছিল ভারত। বাংলাদেশও দুই বিভাগেই ব্রোঞ্জপদক জিতে ফিরেছিল। দুই দলই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল
.png)


-451d52.webp)

-565cf5.jpg)
