logo

আইপিএল-বিশ্বকাপ বিতর্কে নীরব মুস্তাফিজ

আইপিএল-বিশ্বকাপ বিতর্কে নীরব মুস্তাফিজ

সাধারণত সংবাদ সম্মেলন কিংবা ক্যামেরার সামনে খুব কমই দেখা যায় মুস্তাফিজুর রহমানকে। মাঠে নিজের কাজটা করে নিঃশব্দে সরে দাঁড়ানোই যেন তার স্বভাব। তবে সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহ—আইপিএল দল থেকে বাদ পড়া, বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা এবং আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হওয়া নানা বিতর্ক সব মিলিয়ে তাকে নিয়ে কৌতূহলের শেষ ছিল না। তবু মুস্তাফিজ নিজে এ নিয়ে কোনো মন্তব্য করেননি। শেষ পর্যন্ত তার প্রতিক্রিয়া জানা গেল জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীনের মাধ্যমে—সংক্ষিপ্ত একটি বাক্যে, ‘লেট ইট গো।’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সালাউদ্দীন জানান, ব্যক্তিগতভাবে মুস্তাফিজকে তিনি প্রশ্ন করেছিলেন সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে তার অনুভূতি কী। উত্তরে মুস্তাফিজ শুধু বলেন, লেট ইট গো—অর্থাৎ যা চলে গেছে, সেটাকে ছেড়ে দিতে হবে।

চলতি আইপিএলের নিলামে মুস্তাফিজকে প্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পরে নিরাপত্তা ও রাজনৈতিক চাপের প্রেক্ষাপটে তাকে বাদ দেওয়া হয়। এমন সিদ্ধান্ত যে কোনো ক্রিকেটারের জন্যই মানসিকভাবে বড় ধাক্কা হতে পারত। তবে মুস্তাফিজ বিষয়টিকে নিজের নিয়ন্ত্রণের বাইরে বলে মেনে নিয়েছেন বলেই জানান সালাউদ্দীন।

ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্টে দায়িত্ব পালন করতে যাওয়া সালাউদ্দীন বলেন, এত বড় অঙ্কের অর্থ হারানোর পরও সে হতাশায় ভেঙে পড়েনি। এটা শেখার মতো বিষয়। যে জিনিস নিজের হাতে নেই, সেটা নিয়ে পড়ে থাকলে ক্ষতিই বাড়ে—মুস্তাফিজ সেটা বুঝে গেছে।

বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলাও স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের জন্য হতাশার বিষয়। দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে মূল পর্বে জায়গা পাওয়ার পর হঠাৎ বাদ পড়া অনেকের মনোবলেই প্রভাব ফেলতে পারে। তবে পেশাদার খেলোয়াড় হিসেবে দ্রুত মানসিকভাবে ঘুরে দাঁড়ানোই সবচেয়ে জরুরি বলে মনে করেন সালাউদ্দীন। তার ভাষায়, সবাই আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, এটা স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত সামনে এগোতে হলে বর্তমানেই মনোযোগ রাখতে হয়।

মাঠের বাইরে বিতর্ক আর আলোচনার ঝড় থাকলেও অনুশীলনে চনমনে দেখা গেছে মুস্তাফিজকে। সতীর্থদের সঙ্গে স্বাভাবিক ছন্দেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তিনি। সব মিলিয়ে এক বাক্যের প্রতিক্রিয়াতেই যেন নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বাঁহাতি এই পেসার—অতীত নিয়ে নয়, মন এখন কেবল খেলায়।