৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের নিলামে দল পেলেন বাংলাদেশের লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। টানটান দর–হাকাহাকির পর শেষ পর্যন্ত তাকে দলে ভিড়িয়েছে রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজি, মূল্য প্রায় ৩ কোটি পাকিস্তানি রুপি।
গত মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেললেও এবার নিলামের আগে রিশাদকে ছেড়ে দেয় দলটি। এমনকি নিলামেও তার জন্য বিড করেনি লাহোর। তবে রিশাদকে দলে নিতে আগ্রহ দেখায় করাচি ও রাওয়ালপিন্ডি। দুই দলই কয়েক দফা দর বাড়াতে থাকে। শেষ পর্যন্ত রাওয়ালপিন্ডিই সর্বোচ্চ প্রস্তাব দিয়ে টাইগার এই লেগস্পিনারকে দলে টেনে নেয়।
বাংলাদেশ সময় বুধবার দুপুর সাড়ে ১২টায় শুরু হয় এবারের পিএসএল নিলাম। দেশ–বিদেশ মিলিয়ে মোট ৯০৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেন, যার মধ্যে বাংলাদেশি খেলোয়াড় ছিলেন ৫৩ জন। তালিকায় সবার আগে নাম উঠলেও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ পাননি। পরে নিলামে ওঠেন রিশাদ এবং সেখানেই তার ভাগ্য খুলে যায়।
এবারের নিলামে বাংলাদেশের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি ২০ লাখ রুপি—এই ক্যাটাগরিতে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায় ছিলেন রিশাদসহ আরও ২২ জন ক্রিকেটার। সেখান থেকেই দর বাড়তে বাড়তে তার মূল্য পৌঁছে যায় ৩ কোটিতে।
পারফরম্যান্সের দিক থেকেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ছিলেন ২৩ বছর বয়সি এই লেগস্পিনার। গত পিএসএলে লাহোরের হয়ে সাত ম্যাচে ১৩টি উইকেট নেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের জার্সিতেও নজর কেড়েছেন—১২ ম্যাচে তার শিকার ১৫ উইকেট। ধারাবাহিক এই পারফরম্যান্সই নিলামে রিশাদের মূল্য বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।